পুলিশের সহযোগিতায় সুষ্ঠু স্থানীয় নির্বাচন চান সিইসি

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পুলিশকে কোনো ধরনের বেআইনি নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বিজ্ঞাপন
বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটরিয়ামে ‘নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সাথে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিসংক্রান্ত প্রশিক্ষণ’ শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, “আওয়ার কমিটমেন্ট ইজ টোটাল।” স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের ক্ষেত্রে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব। একইভাবে নির্বাচনী দায়িত্ব পালনে পুলিশেরও সাংবিধানিক ও আইনি দায়িত্ব রয়েছে।
এ এম এম নাসির উদ্দিন বলেন, “কোনো বেআইনি নির্দেশনা কমিশন থেকে যাবে না।” পাশাপাশি পুলিশও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য কাজ করার কথা জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সময়কার পরিস্থিতির তুলনায় বর্তমান অবস্থা খারাপ নয়। এ সময় তিনি পুলিশের ওপর কমিশনের আস্থার কথাও জানান। তিনি বলেন, দলীয় সরকার ক্ষমতায় রয়েছে।
নির্বাচনী দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ চাপমুক্তভাবে কাজ করতে পারবে কি না—এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হাসান ফকির বলেন, বর্তমানে দলীয় সরকার থাকলেও এটি গণতান্ত্রিক সরকার। নির্বাচন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী নির্বাচনী দায়িত্ব পালনে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে পুলিশ।
গত ছয় মাসে পুলিশের ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়ে জানতে চাইলে আইজিপি আলী হাসান ফকির বলেন, “আমিতো মনে করি আমাদের সাফল্য শতভাগ।”








