Logo

শিক্ষার্থীরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: হাবিবুর রশিদ হাবিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৫৬
শিক্ষার্থীরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: হাবিবুর রশিদ হাবিব
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য এখন থেকেই নিজেদের জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও যোগ্যতায় সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।

বিজ্ঞাপন

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মান্ডা হায়দার আলী স্কুল অ্যান্ড কলেজে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে অধ্যাপক জাহিদ বিন ইমতিয়াজ বকুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘তোমরা আগামী দিনের বাংলাদেশ। আমরা তোমাদের চোখে আগামী দিনের বাংলাদেশ দেখতে চাই। তোমাদের হাত ধরেই বাংলাদেশ গড়তে চাই। বাংলাদেশকে বিশ্ব দরবারে উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে পরিচিত করতে এখন থেকেই তোমাদের প্রস্তুতি নিতে হবে।’

তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু পড়াশোনা কিংবা জিপিএ-৫ অর্জনের মধ্যে নিজেদের সীমাবদ্ধ রাখলে চলবে না। ধর্মীয় অনুশাসন, সামাজিক মূল্যবোধ, খেলাধুলা, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত হয়ে নিজেদের পরিপূর্ণভাবে বিকশিত করতে হবে। মেধার পাশাপাশি পরিশ্রম, নিষ্ঠা ও দৃঢ় মনোবলকে সঙ্গী করে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

শিক্ষাকে নাগরিকের মৌলিক মানবাধিকার উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। শুধু সার্টিফিকেট অর্জন শিক্ষার চূড়ান্ত লক্ষ্য হতে পারে না; এর সঙ্গে দক্ষতা, বাস্তব জীবনে সক্ষমতা এবং সামাজিক অগ্রগতির বিষয়টিও যুক্ত থাকতে হবে।

তিনি বলেন, এমন শিক্ষা ব্যবস্থা প্রয়োজন, যা শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলবে, আত্মনির্ভর হওয়ার সক্ষমতা তৈরি করবে এবং পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রস্তুত করবে।

হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমাদের সরকারের মূল লক্ষ্য হচ্ছে সার্টিফিকেটনির্ভর শিক্ষা থেকে দক্ষতাভিত্তিক, কর্মমুখী ও নৈতিক শিক্ষায় উত্তরণ। তাই তোমাদের আগামী দিনের জন্য এমনভাবে প্রস্তুত হতে হবে, যেখানে শিক্ষা হবে-শিক্ষা থেকে দক্ষতা, দক্ষতা থেকে কর্মসংস্থান এবং কর্মসংস্থান থেকে আত্মনির্ভরতা। জনগণ, জাতি, দেশ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য শিক্ষা।’

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন গণতান্ত্রিক, তেমন জনবান্ধব; যেমন মানবিক, তেমনই তিনি শিক্ষাবান্ধব। তাঁর নেতৃত্বে বর্তমান সরকার একটি মানসম্মত ও আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে অঙ্গীকারাবদ্ধ।’

শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ হিসেবে জিডিপির ২ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে। সরকারের বর্তমান মেয়াদে পর্যায়ক্রমে এ বরাদ্দ ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা ও প্রতিশ্রুতি রয়েছে।

তিনি বলেন, ‘আমরা মনে করি, শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি।’ এই লক্ষ্য সামনে রেখে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আধুনিক ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, স্কুল ফিডিং কার্যক্রম ও শিক্ষাবৃত্তি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাঠদান কার্যক্রমের তদারকি, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা, শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা, নতুন শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণ এবং প্রধান শিক্ষক পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এ ছাড়া স্কেল ও এমপিওভুক্ত শিক্ষকদের অবসরকালীন সুবিধা পাওয়ার প্রক্রিয়া সহজ ও দুর্নীতিমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

হাবিবুর রশিদ হাবিব বলেন, এসব উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে প্রস্তুত করার দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ এবং ‘সুশিক্ষায় গড়ব দেশ-সবার আগে বাংলাদেশ’—প্রধানমন্ত্রীর এই প্রত্যয় ধারণ করে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা ও ন্যায়বিচারভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

কৃতী শিক্ষার্থীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, ‘আজ তোমাদের যে সম্মাননা ও সার্টিফিকেট প্রদান করা হচ্ছে, এটি শুধু একটি আনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক সংবর্ধনা নয়। এটি তোমাদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা, যোগ্যতা ও পরিশ্রমের স্বীকৃতি। তোমাদের সম্ভাবনার প্রতি আমাদের আস্থার প্রতীকী পুরস্কার। এই পুরস্কার তোমাদের আগামী পথচলায় শক্তি জোগাবে এবং একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সামনে এগিয়ে আসতে উৎসাহিত করবে।’

বিজ্ঞাপন

দেশের ভবিষ্যৎ নেতৃত্বের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মনে রেখো, তোমরাই আমাদের আগামী স্বপ্ন। এই স্বপ্ন বাস্তবায়নে দেশের সব সমস্যার সমাধানে তোমরাই হবে অধিনায়ক। ইনশাআল্লাহ তোমরা পারবে, তোমরা সফল হবে।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD