ডেঙ্গু নিয়ন্ত্রণে খাল পরিষ্কার, ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনা

রাজধানীর পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
বিজ্ঞাপন
শনিবার সকালে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন উপলক্ষে বাউনিয়াবাদ খাল পরিষ্কার কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ পরিকল্পনার কথা জানান।
আমিনুল হক বলেন, ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতার যে অভিযান শুরু হয়েছে, তার অংশ হিসেবে আজ পল্লবীর ইস্টার্ন হাউজিংয়ের বাউনিয়াবাদ খাল পরিষ্কারের কার্যক্রম শুরু করা হয়েছে। আমাদের দলীয় নেতা-কর্মীদের পাশাপাশি সিটি করপোরেশন ও বিএনসিসির একটি প্রতিনিধি দলও এ কার্যক্রমে অংশ নিয়েছে।’
তিনি বলেন, খালটি পুরোপুরি পরিষ্কার করা সম্ভব হলে এলাকায় ডেঙ্গুর প্রকোপ অনেকটাই কমে আসবে। পাশাপাশি খালের আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন হওয়ায় পরিবেশ আরও সুন্দর ও বসবাসের উপযোগী হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
খাল পরিষ্কারের কাজেই কার্যক্রম সীমাবদ্ধ না রাখার পরিকল্পনার কথা জানিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘সিটি করপোরেশনের সঙ্গে আলোচনা করে আমরা খালটিকে পরিপূর্ণভাবে পরিষ্কার করার পাশাপাশি এর দুই পাশে ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নিতে চাই। এর মাধ্যমে এখানে একটি সুন্দর ও স্বাস্থ্যকর পরিবেশ তৈরি করা সম্ভব হবে।’
তিনি জানান, ওয়াকওয়ে নির্মাণ ও খাল পরিষ্কারের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের কাজ চলছে। দ্রুত প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে খাল পরিষ্কার এবং সৌন্দর্যবর্ধনের কার্যক্রম এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বিজ্ঞাপন
পল্লবী ও রূপনগর থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ পরিচ্ছন্নতা কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম মন্টুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়া পল্লবী ও রূপনগর থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কর্মসূচিতে অংশ নেন।








