মোরেলগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে বাগেরহাটের মোরেলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস, ময়লা-আবর্জনা অপসারণ এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
বিজ্ঞাপন
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পরপরই মোরেলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়।
কর্মসূচিতে উপস্থিত থেকে অংশ নেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. আব্দুল আলীম, মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. হাবিবুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি শহীদুল হক বাবুল, পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলামসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া উপজেলা প্রশাসন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরাও পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
অভিযানের আওতায় বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণ, ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস এবং আশপাশের পরিবেশ পরিষ্কার করা হয়। পাশাপাশি জনসাধারণকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পানি জমতে না দেওয়া এবং নিয়মিত পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে সচেতন করা হয়।
কর্মসূচিতে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করা গেলে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।
তারা আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এজন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা এবং কোথাও পানি জমতে না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়।








