কুড়িগ্রাম জেলা প্রশাসক গোল্ডকাপের ফাইনাল কাল

কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে গত ১ অক্টোবর থেকে শুরু হওয়া ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার (৩১ অক্টোবর)। শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কুড়িগ্রাম সদর উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভা ফুটবল দল। ফাইনাল ঘিরে জেলার ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
বিজ্ঞাপন
গত ১ অক্টোবর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। এবারের প্রতিযোগিতায় জেলার ৯টি উপজেলা ও কুড়িগ্রাম পৌরসভাসহ মোট ১০টি দল অংশ নেয়।
প্রতিযোগিতার শুরু থেকেই প্রতিটি ম্যাচে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে স্টেডিয়ামে পর্যাপ্ত গ্যালারি না থাকায় হাজারো দর্শককে দাঁড়িয়ে খেলা দেখতে হয়েছে। জায়গার অভাবে অনেকে মাঠে প্রবেশ করতে না পেরে ফিরে গেছেন বলেও জানা গেছে।
দর্শকদের চাপ সামলাতে ফাইনাল উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। সংস্থার সদস্য সচিব অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন, স্টেডিয়ামের মূল সমস্যা গ্যালারির স্বল্পতা। দর্শকদের সুবিধা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ফাইনালের দিন মাঠের ভেতরে বাঁশের বেড়া দিয়ে বিশেষ ঘেরাওয়ের ব্যবস্থা করা হয়েছে। এ ব্যবস্থায় দর্শকদের ভোগান্তি হবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
ফাইনালে চ্যাম্পিয়ন দলকে এক লাখ টাকা এবং রানারআপ দলকে ৫০ হাজার টাকা প্রাইজমানি দেওয়া হবে। পাশাপাশি খেলোয়াড়দের জন্য থাকছে আকর্ষণীয় ব্যক্তিগত পুরস্কার।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কুড়িগ্রামের জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফাইনাল ম্যাচকে আরও উৎসবমুখর করে তুলতে মাঠে উপস্থিত থাকার কথা রয়েছে জাতীয় দলের তারকা ফুটবলার কোহিনুর রহমান ও মোসাব্বের হোসেনের।








