উখিয়ায় ১৪৪ ধারা জারি

কক্সবাজারের উখিয়ার ইনানীতে মাটির নিচ থেকে টানা চার দিন ধরে প্রাকৃতিক গ্যাসের সঙ্গে আগুন বের হচ্ছে। এ ঘটনায় জননিরাপত্তা নিশ্চিত করতে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আগুনের উৎসস্থলের চারপাশে ২০০ মিটারের মধ্যে সাধারণ মানুষের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞাপন
গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে শুক্রবার (৩০ অক্টোবর) পর্যন্ত ইনানীর একটি স্থান থেকে অব্যাহতভাবে গ্যাসের সঙ্গে আগুন বের হতে দেখা যায়। স্থানীয় আব্দুল্লাহ নামের এক ব্যক্তি বাড়ির উঠানে নলকূপ স্থাপনের জন্য বোরিং করিয়েছিলেন। ওই বোরিংয়ের স্থান থেকেই গ্যাস নির্গমন ও আগুনের সূত্রপাত হয়।
ঘটনার পর ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। পাশাপাশি আগুনের উৎসস্থলের চারপাশের ২০০ মিটার এলাকা কাঁটাতারের বেড়া ও লাল পতাকা দিয়ে ঘিরে রাখা হয়েছে। গ্যাস নির্গমনের পর নিরাপত্তার স্বার্থে ওই এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। পরে বিকল্প ব্যবস্থায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়।
এদিকে মাটির নিচ থেকে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার দৃশ্য দেখতে ঘটনাস্থলে ভিড় করছেন শত শত মানুষ। মেরিন ড্রাইভে ঘুরতে আসা পর্যটকদের পাশাপাশি দূরদূরান্ত থেকেও নারী-পুরুষ সেখানে ছুটে যাচ্ছেন।
বিজ্ঞাপন
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, ইনানীতে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতির যে প্রমাণ পাওয়া গেছে, তা যথাযথভাবে সংরক্ষণ ও উত্তোলনের ব্যবস্থা করা গেলে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। তবে বর্তমানে গ্যাসের সঙ্গে আগুন বের হওয়ার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ইনানীতে আসা ভূতাত্ত্বিক জরিপ দলের পার্টি চিফ এস এম নাফেফুন আরহাম বলেন, বর্তমান পরিস্থিতিতে গ্যাসকে উন্মুক্তভাবে নির্গত হতে দিতে হবে। নির্গমনস্থলের আগুনের শিখা বন্ধ করা যাবে না। একই সঙ্গে গ্যাসের প্রবাহপথেও কোনো বাধা সৃষ্টি করা যাবে না। তা না হলে গ্যাস ভূগর্ভে জমে উচ্চচাপে বিস্ফোরিত হতে পারে এবং আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ১৫ দিন পর্যন্ত গ্যাসের প্রবাহ পর্যবেক্ষণ করতে হবে। প্রবাহ ধীরে ধীরে কমে এলে একপর্যায়ে তা প্রাকৃতিকভাবেই বন্ধ হয়ে যাবে। তবে এই সময়ের মধ্যে প্রবাহ না কমলে বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞাপন
উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তার জানান, ইনানীতে গ্যাস নির্গত হয়ে আগুন জ্বলার ঘটনায় জননিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। আগুনের উৎসস্থলের ২০০ মিটারের মধ্যে সর্বসাধারণের প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
তিনি বলেন, ওই এলাকায় আগুন জ্বালানো, ধূমপান, দিয়াশলাই বা লাইটার ব্যবহারসহ অগ্নিকাণ্ডের ঝুঁকি তৈরি করতে পারে—এমন সব কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।








