সৌদি আরবের অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ জনের মরদেহ আসছে শনিবার

সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো নওগাঁর আরও পাঁচ প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরছে আগামী শনিবার (৩১ অক্টোবর)। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁদের মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মুহাম্মদ রেজায়ে রাব্বির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
দূতাবাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুনের ঘটনায় ১৬ জন বাংলাদেশি কর্মী নিহত হন। তাঁদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে পাঠানো হয়। বাকি সাতজনের পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। তাঁদের মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতাও ইতোমধ্যে শেষ হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ৩৩৬ ফ্লাইটে শনিবার সকাল ৮টা ৫ মিনিটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজন হলেন—নওগাঁ শহরের পার নওগাঁ এলাকার মজনু রহমানের ছেলে শাহিন, আত্রাই উপজেলার ডুবাই গ্রামের নাজমুল হুদার ছেলে হাসিবুল হাসান শুভ, মধ্যবোয়ালিয়া গ্রামের আক্কাস প্রামানিকের ছেলে মিনহাজ প্রামানিক, মাধবপুর গ্রামের মজনু সরদারের ছেলে মাসিদুল সরদার সজিব এবং সাধনগর গ্রামের আজহার আলীর ছেলে সাগর আলী।
বিজ্ঞাপন
আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান জানান, নিহতদের পরিবারের সঙ্গে উপজেলা প্রশাসন নিয়মিত যোগাযোগ রাখছে। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সঙ্গে সমন্বয় করে মরদেহগুলো দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি বলেন, পরিচয় শনাক্ত হওয়া নওগাঁর পাঁচজনের মধ্যে চারজন আত্রাই উপজেলার এবং একজন নওগাঁ সদর উপজেলার বাসিন্দা।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের তথ্য উল্লেখ করে ইউএনও আরও জানান, অগ্নিকাণ্ডের পর প্রাথমিকভাবে আত্রাই উপজেলার ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। তবে পরবর্তী সময়ে আত্রাই উপজেলার ১১ জন এবং নওগাঁ সদর উপজেলার একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট আত্রাই উপজেলার নিহত ১১ জনের মধ্যে সাতজনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়। এবার বাকি পাঁচজনের মরদেহ দেশে পৌঁছালে স্বজনদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটবে।








