Logo

পুলিশের চাকরি পেয়েও ছাড়েননি ওকালতি, সরাইল থানার ওসিকে নোটিশ

profile picture
জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া
৩০ অক্টোবর, ২০২৬, ১১:৪০
পুলিশের চাকরি পেয়েও ছাড়েননি ওকালতি, সরাইল থানার ওসিকে নোটিশ
ছবি: সংগৃহীত

পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি আইনজীবী সমিতির সদস্যপদ বহাল রাখার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়াকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সমিতির নথিতে দেখা গেছে, ২০০২ সাল থেকে তিনি সংগঠনটির সদস্য হিসেবে তালিকাভুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনুদ্দীন জানান, স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে সরাইল থানার ওসির বাগ্‌বিতণ্ডার ঘটনার পর তাঁরা মনজুর কাদের ভূঁইয়ার আইনজীবী সমিতির সদস্য থাকার বিষয়টি জানতে পারেন। এরপরই তাঁকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়।

তিনি আরও বলেন, পুলিশের চাকরিতে নিয়োজিত থেকে আইনজীবী সমিতির সদস্যপদ সক্রিয় রাখা সংগঠনের বিধিবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অন্য পেশায় যুক্ত থেকেও যাঁরা সদস্যপদ বহাল রেখেছেন, তাঁদের শনাক্ত করার কাজ চলছে। পর্যায়ক্রমে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সমিতি সূত্রে জানা গেছে, আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত না থেকেও সদস্যপদ ধরে রাখা ব্যক্তিদের চিহ্নিত করতে সম্প্রতি বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গত ২৫ জুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সেখানে সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত সদস্যদের ৩০ জুলাইয়ের মধ্যে স্বেচ্ছায় সদস্যপদ স্থগিত করার নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে সমিতির গঠনতন্ত্রের পরিচ্ছেদ ৩-এর ৭(১) বিধির উল্লেখ করা হয়। এতে বলা হয়েছে, আইন বিষয়ে শিক্ষকতা কিংবা কোনো প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ব্যক্তিরা প্রয়োজনীয় প্রমাণপত্র জমা দিয়ে সদস্যপদ বহাল রাখতে পারবেন। এ ধরনের শর্ত পূরণ না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিষ্ক্রিয় সদস্যদের বিষয়ে তথ্য সংগ্রহের জন্য নাম-ঠিকানাসহ অভিযোগ জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হয়।

বিজ্ঞাপন

তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে ওসি মোহাম্মদ মনজুর কাদের ভূঁইয়া ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আগেই চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্যপদ স্থগিত করার আবেদন করেছিলেন। সমিতির পাঠানো নোটিশের জবাবে তিনি লিখিত ব্যাখ্যার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এদিকে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকার পরও অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি এবার আদালত পর্যন্ত গড়িয়েছে। গত ২৬ অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া এ বিষয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেন।

রিটে আইন পেশার সনদ নিয়ে চাকরি, ব্যবসা কিংবা অন্য কোনো পেশায় যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চাওয়া হয়েছে।

রিটকারী আইনজীবীর ভাষ্য অনুযায়ী, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ চেয়ে তিনি ২০২৩ সালের ৩০ জানুয়ারি বাংলাদেশ বার কাউন্সিলে আবেদন করেছিলেন। কিন্তু সেখান থেকে প্রত্যাশিত সাড়া না পেয়ে পরবর্তী সময়ে আইনি নোটিশ পাঠান। এতেও কার্যকর উদ্যোগ না আসায় শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন তিনি।

বিজ্ঞাপন

এর আগে সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির মধ্যে বাগ্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গত ২২ অক্টোবর রাতে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে নিরাপত্তা না পাওয়া এবং ওসির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ নিয়ে কথা বলতে থানায় যান রুমিন ফারহানা। সেখানে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটে। পরবর্তী সময়ে এই ঘটনাকে কেন্দ্র করেই ওসির আইনজীবী সমিতির সদস্যপদ নিয়ে বিষয়টি সামনে আসে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD