Logo

স্বামীকে মুক্তির আশ্বাস দিয়ে ধর্ষণচেষ্টা, সেই যুবদল নেতা বহিষ্কার

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩০ অক্টোবর, ২০২৬, ২১:০২
স্বামীকে মুক্তির আশ্বাস দিয়ে ধর্ষণচেষ্টা, সেই যুবদল নেতা বহিষ্কার
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলীর বিরুদ্ধে। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে যুবদল।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি ও আদর্শবিরোধী এবং নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে হযরত আলীকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রিয়াজুল কবীর মামুন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম খান রাজু এ সিদ্ধান্ত কার্যকর করেছেন। বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাঁর সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের এক নারীর বাড়িতে গিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় কারাগারে থাকায় তাঁকে মুক্ত করে দেওয়ার আশ্বাস দিয়ে অভিযুক্ত ব্যক্তি নিয়মিত ওই বাড়িতে যাতায়াত করতেন বলে দাবি ভুক্তভোগীর।

নারীর অভিযোগ, ঘটনার দিন তাঁকে জোর করে বিছানায় ফেলে ধর্ষণের চেষ্টা করেন হযরত আলী। নিজের নিরাপত্তার কথা ভেবে সে সময় মুঠোফোনে ভিডিও ধারণ শুরু করেন তিনি। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফুলবাড়িয়া থানায় মামলা করেন ভুক্তভোগী নারী।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্ত হযরত আলীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান জানিয়েছিলেন, অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD