Logo

জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে মির্জা ফয়সল আমীন

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
৩০ অক্টোবর, ২০২৬, ২১:৫৩
জামায়াতের পরাজিত প্রার্থীর বাসায় ফুল-মিষ্টি নিয়ে মির্জা ফয়সল আমীন
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়ী হওয়ার পর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপির মির্জা ফয়সল আমীন। সৌজন্য সাক্ষাতে দুই নেতা ফুল ও মিষ্টি বিনিময়ের পাশাপাশি এলাকার উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও শহরের হাজীপাড়ায় দেলাওয়ার হোসেনের বাসায় যান মির্জা ফয়সল আমীন। এ সময় দুই নেতা কোলাকুলি করেন এবং পরস্পরকে মিষ্টিমুখ করান।

সাক্ষাতে দেলাওয়ার হোসেন মির্জা ফয়সল আমীনকে ‘বড় ভাই’ সম্বোধন করে ধানের শীষ প্রতীকে বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান।

তিনি বলেন, নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। গণতন্ত্রকে শক্তিশালী করতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।

বিজ্ঞাপন

দেলাওয়ার হোসেন আরও বলেন, নির্বাচিত সংসদ সদস্য এখন শুধু বিএনপি বা ধানের শীষের প্রতিনিধি নন; তিনি ঠাকুরগাঁও-১ আসনের সব মানুষের প্রতিনিধি। তাই দল-মতের ঊর্ধ্বে উঠে সবার নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা তাঁর দায়িত্ব।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাক্ষাতে নির্বাচনে সহিংসতার অভিযোগও তুলে ধরেন দেলাওয়ার হোসেন। তাঁর ভাষ্য, যারা সহিংসতা চালায়, তারা কোনো দলের হতে পারে না; তাদের উদ্দেশ্য বিশৃঙ্খলা সৃষ্টি করা। দলীয় পরিচয় বিবেচনা না করে এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা কাটিয়ে ঠাকুরগাঁওকে উন্নত জেলায় রূপান্তর করতে দল-মতনির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার প্রত্যাশাও ব্যক্ত করেন জামায়াতের এই প্রার্থী।

জবাবে মির্জা ফয়সল আমীন বলেন, ঢালাও অভিযোগ না করে কোথায় এবং কী ঘটেছে, তা সুনির্দিষ্টভাবে জানালে ব্যবস্থা নেওয়া সহজ হবে। সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে অবশ্যই কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন

ক্ষতিগ্রস্ত ও আক্রান্ত ব্যক্তিদের তালিকা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজে ঘটনাস্থলে গিয়ে ঘটনার সত্যতা যাচাই করবেন। পাশাপাশি জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD