Logo

আদানির বিদ্যুৎ ফিরলেও, এবার বন্ধ রামপালের আরেক ইউনিট

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৯
আদানির বিদ্যুৎ ফিরলেও, এবার বন্ধ রামপালের আরেক ইউনিট
ছবি: সংগৃহীত

কয়লা সংকট কাটিয়ে ভারতের আদানি বিদ্যুৎকেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। তবে এর মধ্যেই কারিগরি কারণে বাগেরহাটের রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে গেছে। ফলে একদিকে আদানির সরবরাহ বাড়লেও রামপাল থেকে বিদ্যুৎ উৎপাদন নেমে এসেছে অর্ধেকের নিচে।

বিজ্ঞাপন

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, দুপুর ১টা থেকে আদানি বিদ্যুৎকেন্দ্রের সরবরাহ বেড়ে ৮৪৬ মেগাওয়াটে পৌঁছেছে। এর আগে গত বুধবার থেকে কেন্দ্রটি থেকে প্রায় ৭৫০ মেগাওয়াট বা তার কিছু কম-বেশি বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছিল।

এর আগে গত বুধবার রাত ১২টার দিকে কারিগরি ত্রুটির কারণে আদানি বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এর সঙ্গে কয়লা সংকটজনিত সীমিত উৎপাদন যুক্ত হওয়ায় কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ আরও কমে যায়। এতে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিংয়ের চাপও বেড়েছিল। বন্ধ ইউনিটটি চালু হওয়ার পর রোববার দুপুর থেকে সরবরাহ বাড়তে শুরু করেছে।

এদিকে আদানির সরবরাহ বাড়ানোর আগেই রোববার বেলা সাড়ে ১১টার দিকে কারিগরি কারণে রামপাল বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যায়। এতে কেন্দ্রটির উৎপাদন সক্ষমতা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভারত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে নির্মিত কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্রটি এর আগে কয়লা সংকটের কারণে উৎপাদন কমিয়ে দিয়েছিল। বর্তমানে সেখানে পর্যাপ্ত কয়লা মজুত রয়েছে এবং কেন্দ্রটি থেকে ১ হাজার ১০০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন এখন ৬০০ মেগাওয়াটের নিচে নেমে গেছে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) মো. জহুরুল ইসলাম বলেন, আদানি থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। আর রক্ষণাবেক্ষণের জন্য রামপাল বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-২ বন্ধ করা হয়েছে।

বিজ্ঞাপন

রামপালের বন্ধ ইউনিটটি কবে চালু হতে পারে—এ বিষয়ে তিনি বলেন, ইউনিট বন্ধ করার পর সেটিকে কুল ডাউন করতে হয়। এরপর সম্ভবত ভারত থেকে দুজন প্রকৌশলী আসবেন। তাই এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না কবে ইউনিটটি চালু হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুদিন পর পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD