Logo

সবচেয়ে বেশি গরিব মানুষ বরিশালে, কম যে বিভাগে

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৭
সবচেয়ে বেশি গরিব মানুষ বরিশালে, কম যে বিভাগে
ছবি: সংগৃহীত

একসময় ‘বাংলার শস্যভাণ্ডার’ ও ‘বাংলার ভেনিস’ হিসেবে পরিচিত বরিশাল এখন দেশের আটটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি দারিদ্র্যপীড়িত অঞ্চল। কৃষি ও মৎস্য উৎপাদনে সংকট, শিল্পকারখানার স্বল্পতা এবং পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে দক্ষিণের এই বিভাগটি অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়েছে।

বিজ্ঞাপন

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) দারিদ্র্য মানচিত্র ২০২২ অনুযায়ী, দেশে দারিদ্র্যের গড় হার ১৯ দশমিক ২ শতাংশ। সেখানে বরিশাল বিভাগে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৬ শতাংশ, যা দেশের বিভাগগুলোর মধ্যে সর্বোচ্চ। একসময় দেশের দরিদ্রতম বিভাগ হিসেবে পরিচিত রংপুর এখন ২৫ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

কর্মসংস্থানের সংকটে বরিশাল থেকে অনেকে রাজধানীমুখী হচ্ছেন। জনশুমারি ২০২২-এর তথ্য অনুযায়ী, বরিশালের স্থানীয় অধিবাসীদের ১৮ দশমিক ৬২ শতাংশ বর্তমানে ঢাকায় বসবাস করছেন। তাদের একটি বড় অংশ রাজধানীর বিভিন্ন বস্তিতে অবস্থান করছেন।

কৃষিতে কমছে উৎপাদন

বিজ্ঞাপন

বরিশালের অর্থনীতি কৃষিনির্ভর হলেও ধান উৎপাদনে পিছিয়ে পড়ছে বিভাগটি। বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বরিশালে আউশ ধানের উৎপাদন আগের বছরের ৪ লাখ ৩০ হাজার টন থেকে কমে ৩ লাখ ৭৪ হাজার টনে নেমেছে। আমন উৎপাদনেও কমতির প্রবণতা দেখা গেছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতির অধ্যাপক এ এইচ এম সাইফুল ইসলামের মতে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের কারণে জমিতে লবণাক্ততা বাড়ছে। এতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে।

ইলিশ উৎপাদনেও ধস

বিজ্ঞাপন

কৃষির পাশাপাশি বরিশালের মৎস্য খাতেও উৎপাদন কমেছে। বিভাগীয় মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে বরিশালে ৩ লাখ ৭২ হাজার টন ইলিশ উৎপাদিত হয়েছিল। ২০২৫-২৬ অর্থবছরে তা প্রায় ২৮ দশমিক ৫ শতাংশ কমে ২ লাখ ৬৬ হাজার টনে দাঁড়িয়েছে।

এর প্রভাব পড়েছে কৃষকদের আয়েও। বিবিএসের জরিপ অনুযায়ী, ধান ও গম উৎপাদনে বরিশালের কৃষকদের বার্ষিক নিট আয় মাত্র ৬ হাজার ৮১ টাকা, যা দেশের মধ্যে সর্বনিম্ন।

গ্যাস থাকলেও শিল্পায়ন হয়নি

বিজ্ঞাপন

বরিশাল বিভাগের আরেকটি সম্ভাবনা জ্বালানি সম্পদ। ভোলায় বাপেক্সের তথ্য অনুযায়ী, প্রায় ১ দশমিক ৭৫ ট্রিলিয়ন ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে। তবে দীর্ঘ তিন দশকেও এই সম্পদকে কাজে লাগিয়ে উল্লেখযোগ্য শিল্পায়ন গড়ে ওঠেনি।

ছয় জেলার পুরো বিভাগে উল্লেখযোগ্য শিল্পকারখানার সংখ্যাও সীমিত। বর্তমানে বরিশাল জেলায় প্রায় ৪০৯টি কারখানা রয়েছে, যেখানে প্রায় ২০ হাজার শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

উন্নয়নে বাধা যোগাযোগব্যবস্থা

বিজ্ঞাপন

বরিশালের পিছিয়ে পড়ার অন্যতম কারণ হিসেবে নদীনির্ভর যোগাযোগব্যবস্থাকে চিহ্নিত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তার মতে, দক্ষিণাঞ্চলের প্রভাবশালী নেতারা জাতীয় রাজনীতিতে বেশি মনোযোগ দেওয়ায় পুরো অঞ্চলের জন্য সমন্বিত উন্নয়ন পরিকল্পনা নেওয়া সম্ভব হয়নি।

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেন, জ্বালানি সংকট ও দুর্গম যোগাযোগের কারণে উপকূলীয় এই অঞ্চল পিছিয়ে পড়েছে।

তার মতে, ভোলার গ্যাস স্থানীয় শিল্প ও সার কারখানায় ব্যবহার, পায়রা বন্দর পুরোপুরি চালু এবং ভোলা-বরিশাল সংযোগ মহাসড়ক নির্মাণ করা গেলে দক্ষিণাঞ্চলের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে।

বিজ্ঞাপন

বিভাগভিত্তিক দারিদ্র্যের চিত্র

বিবিএসের দারিদ্র্য মানচিত্র অনুযায়ী, বরিশালে দারিদ্র্যের হার ২৬ দশমিক ৬ শতাংশ, যা দেশের মধ্যে সর্বোচ্চ। বিপরীতে ১৫ দশমিক ২ শতাংশ দারিদ্র্যের হার নিয়ে সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ।

এ ছাড়া রংপুরে দারিদ্র্যের হার ২৫ শতাংশ, ময়মনসিংহে ২২ দশমিক ৬ শতাংশ, ঢাকায় ১৯ দশমিক ৬ শতাংশ, সিলেটে ১৮ দশমিক ৫ শতাংশ, খুলনায় ১৭ দশমিক ১ শতাংশ এবং রাজশাহীতে ১৬ দশমিক ৩ শতাংশ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD