Logo

রাশেদ খাঁনকে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:১৮
রাশেদ খাঁনকে নির্যাতন, এডিসি ইশতিয়াকের বিরুদ্ধে তদন্ত শুরু
ছবি: সংগৃহীত

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাবেক অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খাঁনকে নির্যাতনের অভিযোগ তদন্ত করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বুধবার (১৬ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এদিন প্রসিকিউশন কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, রাশেদ খাঁনের করা অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

এরপর রাশেদ খাঁন অভিযোগ করেন, সরকারবিরোধী মত প্রকাশের কারণে তাকে গ্রেপ্তার করে প্রায় ১৫ দিন নির্যাতন করা হয়েছিল। এ ঘটনায় ইশতিয়াক আহমেদসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি।

রাশেদ খাঁনের অভিযোগ অনুযায়ী, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের সময় তাকে গ্রেপ্তার করা হয়। পরে হাত ও মুখ বেঁধে তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়। ২০১৮ সালের ১ জুলাই তাকে গ্রেপ্তারের পর ইশতিয়াক আহমেদের কক্ষে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে তার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিচার চেয়ে ২০২৫ সালের এপ্রিলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে লিখিত অভিযোগ দেন রাশেদ খাঁন। বুধবার তিনি ট্রাইব্যুনালে গিয়ে চিফ প্রসিকিউটরের সঙ্গে সাক্ষাৎ করে অভিযোগের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইশতিয়াক আহমেদকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

এদিকে, ইশতিয়াক আহমেদের বিরুদ্ধে গাজীপুরে এক মাদ্রাসার অধ্যক্ষকে গুম ও হত্যার অভিযোগেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD