Logo

ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৪:৪৪
ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন।

বিজ্ঞাপন

স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে জাতিসংঘের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়। জাতিসংঘের সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীরা এতে অংশ নেন।

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরের প্রথম দিনের কর্মসূচি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তার উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন নৈশভোজে তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের অংশগ্রহণের তথ্য জানান।

এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের আয়োজিত প্রাতঃরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন। রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের জীবনসঙ্গীদের সম্মানে ওই আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক

নিউইয়র্কে পৌঁছানোর পর সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী তারেক রহমান একাধিক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। তিনি ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে, মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট হুসেইন মোহামেদ লতিফ, বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা এবং জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে সাক্ষাৎ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জুলি বিশপের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়ার কথা জানানো হয়েছে।

বিজ্ঞাপন

ট্রাম্পের সঙ্গে বৈঠক নিয়ে যা জানা গেছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়েও বাংলাদেশের পক্ষ থেকে কথা বলা হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ট্রাম্প ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন। তবে তিনি এটিকে দ্বিপক্ষীয় বিষয় হিসেবে উল্লেখ করেছেন।

বিজ্ঞাপন

তার ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষের জন্য সুবিধাজনক সময়ে পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ দ্বিপক্ষীয় সফরের মাধ্যমে বৈঠক আয়োজনের বিষয়টি বিবেচনা করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম ভাষণ দেওয়ার কথা রয়েছে ২৪ সেপ্টেম্বর। নিউইয়র্ক সফরে তিনি বিভিন্ন দেশের সরকারপ্রধান, আন্তর্জাতিক সংস্থা ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও বিভিন্ন উচ্চপর্যায়ের কর্মসূচিতেও অংশ নিচ্ছেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD