আহত সেনাসদস্যকে উদ্ধার করে সিএমএইচে পাঠালেন আনসার সদস্য

ঢাকা বিমানবন্দর স্টেশনসংলগ্ন এলাকায় ট্রেন দুর্ঘটনায় আহত এক সেনাসদস্যকে উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পাশাপাশি তার ব্যক্তিগত মালামাল নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দিয়েছেন বিমানবন্দর আনসার ফোর্সের সদস্য আনসার শাহাবুল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিমানবন্দর স্টেশনসংলগ্ন প্রস্তাবিত এসআরবি হেডকোয়ার্টার্সের সামনে রেললাইনের পাশে রক্তাক্ত অবস্থায় ওই সেনাসদস্যকে পড়ে থাকতে দেখেন আনসার শাহাবুল। তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং ডান পা ভেঙে ঝুলে ছিল।
আহত ব্যক্তির কাছে গিয়ে নিজের পরিচয় জানান শাহাবুল এবং তার পরিচয় জানতে চান। তখন ওই সেনাসদস্য জানান, গাজীপুরে প্রশিক্ষণ শেষে এসআরবি হেডকোয়ার্টার্সে কর্মস্থলে যোগ দিতে যাওয়ার পথে ট্রেন দুর্ঘটনার শিকার হন তিনি।
পরিস্থিতির গুরুত্ব বুঝে শাহাবুল দ্রুত আহত সেনাসদস্যের ব্যাগ ও মুঠোফোন নিজের হেফাজতে নেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে এসআরবি গেটে নিয়ে যাওয়া হয়।
বিজ্ঞাপন
সেখানে দায়িত্বরত সদস্যদের সহযোগিতায় দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে আহত সেনাসদস্যকে চিকিৎসার জন্য ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়।
শুধু উদ্ধার করেই দায়িত্ব শেষ করেননি শাহাবুল। মানবিক কারণে এসআরবি সদস্যদের অনুরোধে তিনি নিজেও অ্যাম্বুলেন্সে করে সিএমএইচে যান। সেখানে আহত সেনাসদস্যের প্রাথমিক চিকিৎসা ও হাসপাতালে ভর্তির প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে সহযোগিতা করেন তিনি।
পরে রাতের দিকে আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা হাসপাতালে পৌঁছালে শাহাবুল তার কাছে থাকা ব্যাগ, মুঠোফোনসহ সব মালামাল অক্ষত অবস্থায় পরিবারের কাছে বুঝিয়ে দেন। এরপর তিনি নিজের কর্মস্থলে ফিরে যান।
বিজ্ঞাপন
আহত সেনাসদস্যের পরিবারের সদস্যরা এ সময় আনসার শাহাবুলের দায়িত্বশীলতা, দ্রুত পদক্ষেপ ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সময় সাধারণ মানুষের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অনেক ক্ষেত্রে এসব মানবিক উদ্যোগ আলোচনার বাইরে থাকলেও সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে তা হয়ে থাকে স্মরণীয়।








