বোয়িং কেনায় কোনো গোপন এজেন্ডা নেই: হুমায়ুন কবির

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জন্য বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের পেছনে কোনো ‘গোপন এজেন্ডা নেই’ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, দেশের প্রয়োজন বিবেচনায় উন্মুক্ত পরিবেশে চুক্তি করেই এসব উড়োজাহাজ কেনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘ সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের জন্য ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, ‘এখন বোয়িং কিনছি। বাংলাদেশের তো বহর আরও অনেক বাড়ানো দরকার। এখন যা আছে, এটা কিছুই না। এটা নিয়ে গোপন কোনো এজেন্ডা নেই। প্রশ্নও আসে না।’
বোয়িংয়ের সঙ্গে চুক্তির প্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। হয়ত প্রয়োজন হলে আমরা কিছু কিনব। বোয়িং বা অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য কিনব না।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চারজন মন্ত্রী উপস্থিত ছিলেন বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
বিজ্ঞাপন
বাংলাদেশের উড়োজাহাজ বহরে ঐতিহাসিকভাবে বোয়িংয়ের আধিপত্য থাকলেও ভবিষ্যতে মিশ্র বহরের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি। হুমায়ুন কবির বলেন, ‘ঐতিহাসিকভাবে বাংলাদেশের বহরে বোয়িং বেশি। কিন্তু আমাদের মিশ্র বহর লাগবে। এই শতাব্দীতে রুট বাড়াতে হলে, এভিয়েশন হাব হলে গেলে, আপনার মিশ্র বহর দরকার।’
বোয়িং কেনার সিদ্ধান্ত কোনো ধরনের চাপের কারণে নেওয়া হয়েছে—এমন ধারণাও নাকচ করেন তিনি। প্রতিমন্ত্রী জানান, যাত্রীদের চাহিদা এবং জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার ভবিষ্যৎ আন্তর্জাতিক কার্যক্রম বিবেচনায় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরের প্রয়োজনীয়তা যাচাই-বাছাই করছে সরকার।
ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল পুনরায় চালুর বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, বিষয়টি নিয়ে কারিগরি মূল্যায়ন ও যাচাই-বাছাই চলছে। কারিগরি সমস্যার কারণে রুটটির কার্যক্রম স্থগিত করা হয়েছিল। এখন এটি পুনরায় চালুর ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলো পর্যালোচনা করছে সরকার।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সময় গত ২২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে আরও ১১টি উড়োজাহাজ কেনার বিষয়ে চুক্তি করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বিজ্ঞাপন
এর আগে গত ৩০ এপ্রিল বোয়িংয়ের কাছ থেকে ১৪টি উড়োজাহাজ কেনার বিষয়ে ঢাকায় আরেকটি চুক্তি করা হয়। দুই দফার চুক্তি অনুযায়ী মোট ২৫টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের ব্যয় হবে ৭০ হাজার কোটি টাকার বেশি।








