এলপিজি মজুত করে কৃত্রিম সংকটের চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে পর্যাপ্ত মজুত থাকার পরও কিছু এলাকায় দাম বাড়ার প্রবণতা দেখা যাওয়ায় কেউ অসৎ উদ্দেশ্যে এলপিজি মজুত করে কৃত্রিম সংকট বা জনঅসন্তোষ তৈরির চেষ্টা করলে সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, এলপিজি আমদানিকারক ও অপারেটররা বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়কে দেশে এলপিজির সংকট না থাকার বিষয়ে আশ্বস্ত করেছেন। সম্প্রতি এলপিজির আমদানি, মজুত, সরবরাহ পরিস্থিতি ও বাজারদর পর্যালোচনায় আয়োজিত মতবিনিময় সভায় তারা এ তথ্য জানান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, গত আগস্টে দেশে ১ লাখ ৫৭ হাজার ৭৬০ মেট্রিক টন এলপিজি আমদানি হয়েছে। সেপ্টেম্বর মাসে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আমদানির পরিমাণ দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজার মেট্রিক টন। সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, দেশে এলপিজির সরবরাহ ও মজুত পরিস্থিতি সন্তোষজনক।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তবে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও কিছু এলাকায় দাম বাড়ার প্রবণতা দেখা যাওয়ার কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, অসৎ উদ্দেশ্যে কেউ যাতে এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে।
বিজ্ঞাপন
বিশ্ববাজারে পণ্যের দরে জল্পনামূলক প্রবণতার প্রভাবেও স্থানীয় বাজারে মূল্য বাড়তে পারে বলে জানান তিনি। বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন উপদেষ্টা।
৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজি দরে চাল
খাদ্যবান্ধব কর্মসূচির আওতা বাড়ানোর তথ্য জানিয়ে ডা. জাহেদ উর রহমান বলেন, ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৫৫ লাখ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। আগের তুলনায় এ কর্মসূচিতে প্রায় ১০ লাখ পরিবার যুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
সামাজিক সুরক্ষা তহবিলের পরিধি বাড়ানো সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে তিনি জানান, ভবিষ্যতে এ কর্মসূচির আওতা আরও সম্প্রসারণের চেষ্টা থাকবে।
অপুষ্টি মোকাবিলায় দেশের ৩০০ উপজেলায় ভিটামিন ও খনিজসমৃদ্ধ ফর্টিফাইড রাইস বিতরণ করা হচ্ছে বলেও জানান তিনি। এর আগে দেওয়া তথ্য অনুযায়ী, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫৫ লাখ গ্রামীণ দরিদ্র ও অতিদরিদ্র পরিবারকে ১৫ টাকা কেজি দরে মাসে ৩০ কেজি চাল দেওয়ার ব্যবস্থা রয়েছে।
তথ্য কমিশন পুনর্গঠনের কাজ এগোচ্ছে
বিজ্ঞাপন
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রসঙ্গ তুলে ধরে তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, তথ্যপ্রযুক্তির বিস্তারের সময়ে নাগরিকের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অপতথ্য মোকাবিলায় মানুষের তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি তথ্য কমিশনের ভূমিকার কথা উল্লেখ করেন। তার ভাষ্য অনুযায়ী, তথ্য কমিশন পুনর্গঠনের প্রক্রিয়া অল্প সময়ের মধ্যেই শেষ হওয়ার আশা রয়েছে।
কমিশন দায়িত্ব নেওয়ার পর জনগণ যেসব ক্ষেত্রে তথ্যের অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সেসব বিষয়ে কাজ করার সুযোগ তৈরি হবে বলেও জানান তিনি।
বিজ্ঞাপন
যুক্তরাষ্ট্রের সঙ্গে অসামরিক পারমাণবিক সহযোগিতা
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে অসামরিক পারমাণবিক সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক সইয়ের বিষয়টিকেও সরকারের সাম্প্রতিক অগ্রগতির একটি দিক হিসেবে তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান।
তিনি বলেন, শান্তিপূর্ণভাবে পারমাণবিক শক্তির ব্যবহার, প্রযুক্তি বিনিময়, পারমাণবিক নিরাপত্তা এবং অসামরিক জ্বালানি খাতে বৈজ্ঞানিক সহযোগিতা বাড়াতে এ ধরনের সমঝোতা গুরুত্বপূর্ণ হতে পারে।
বিজ্ঞাপন
বাংলাদেশ ইতোমধ্যে পারমাণবিক শক্তির যুগে প্রবেশ করেছে উল্লেখ করে তিনি ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রে এ খাতের গুরুত্ব তুলে ধরেন।
জাতিসংঘ সফরে প্রধানমন্ত্রীর প্রায় ৮০ কর্মসূচি
প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাতিসংঘ সফরের বিভিন্ন কর্মসূচির তথ্য তুলে ধরে তথ্য উপদেষ্টা জানান, সফরে তিনটি প্রধান কর্মসূচির আওতায় বিভিন্ন দেশের সঙ্গে ১১টি দ্বিপক্ষীয় বৈঠক, জাতিসংঘ সাধারণ পরিষদ-সংশ্লিষ্ট আটটি এবং ১১টি প্রাতিষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা প্রায় ৮০টি কর্মসূচিতে অংশ নেন।
বিজ্ঞাপন
এসব কর্মসূচিতে বাণিজ্য ও বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি নিরাপত্তা, আঞ্চলিক সহযোগিতা, রোহিঙ্গা সংকট, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং আন্তর্জাতিক শান্তির মতো বিষয় আলোচনায় এসেছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর জাতিসংঘে দেওয়া বাংলায় ভাষণের প্রসঙ্গে ডা. জাহেদ উর রহমান বলেন, সেখানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিষয়গুলোর মধ্যে ভারসাম্য রাখার চেষ্টা ছিল। বিশ্বের জন্য বিভিন্ন দিকনির্দেশনার পাশাপাশি নির্বাচিত গণতান্ত্রিক সরকার হিসেবে জনগণের জন্য সরকারের পরিকল্পনার প্রতিফলনও ভাষণে ছিল বলে তিনি জানান।
পরিবেশ ও ‘ওয়ান হেলথ’ কার্যক্রম
বিজ্ঞাপন
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম প্রসঙ্গে উপদেষ্টা জানান, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ‘ওয়ান হেলথ’ কার্যক্রমের সম্মেলনে পরিবেশমন্ত্রী অংশ নিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মানুষ, প্রাণী, উদ্ভিদ ও বাস্তুতন্ত্রকে সমন্বিতভাবে বিবেচনায় রেখে কার্যক্রম পরিচালনার বিষয়ে সেখানে সিদ্ধান্ত হয়েছে বলে জানান তিনি। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণসহ সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন ডা. জাহেদ উর রহমান।
প্রকল্প বাস্তবায়নে গতি বাড়ানোর উদ্যোগ
পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, প্রকল্প গ্রহণ, অর্থ ছাড় এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্বের অংশ। প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে যেসব জটিলতা রয়েছে, সেগুলো দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে।
প্রকল্প অনুমোদনের প্রক্রিয়া দ্রুত করার ক্ষেত্রে পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে চলছে বলেও জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে যা বলছে সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম তুলে ধরে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার, আসামি গ্রেপ্তার এবং মাদক উদ্ধারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন বাহিনী নিয়মিত দায়িত্ব পালন করছে।
পুলিশ, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো দায়িত্ব পালন করছে উল্লেখ করে তিনি বলেন, ৫ আগস্টের পর পুলিশ যে পরিস্থিতির মধ্য দিয়ে গেছে, সেখান থেকে স্বাভাবিক কার্যক্রমে ফিরতে সময় লাগছে। এরপরও পুলিশ কার্যকরভাবে দায়িত্ব পালন করছে বলে সরকারের মূল্যায়নের কথা জানান তিনি।
এ ছাড়া মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নিয়মিত কার্যক্রম হিসেবে উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্ত করা এবং মৎস্য আইন লঙ্ঘনের ঘটনায় জরিমানার বিষয়ও প্রেস ব্রিফিংয়ে তুলে ধরা হয়।








