Logo

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৬ অক্টোবর, ২০২৬, ১৩:০৯
যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সেনা কর্মকর্তাদের সঙ্গে সেনাপ্রধানের বৈঠক
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়া সফররত বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পৃথক দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এসব বৈঠকে সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি, তথ্য বিনিময় এবং দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ল্যান্ড ডিফেন্স এক্সপোজিশন ও চিফ অব আর্মি সিম্পোজিয়াম ২০২৬-এ অংশ নেওয়ার সময় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল সুসান কোয়েলের সঙ্গে বৈঠকে দুই দেশের পারস্পরিক সামরিক সহযোগিতা, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

বৈঠকে অস্ট্রেলিয়ান সেনাবাহিনী প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়ন কার্যক্রমের প্রশংসা করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রশিক্ষণ, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

অন্যদিকে, ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (USARPAC)-এর ডেপুটি কমান্ডিং জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জোয়েল বি. ভাওয়েলের সঙ্গেও পৃথক বৈঠক করেন বাংলাদেশ সেনাপ্রধান।

এ বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা এবং তথ্য বিনিময় আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়। একই সঙ্গে দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে Disaster Response Exercise and Exchange (DREE) আয়োজনের বিষয়টি আলোচনায় আসে।

এ ছাড়া বাংলাদেশ ইনস্টিটিউট অফ পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (BIPSOT)-এ গ্লোবাল পিস অপারেশনস ইনিশিয়েটিভ (GPOI)-এর অর্থায়নে প্রশিক্ষণ কোর্স চালুর বিষয়েও আলোচনা করা হয়। বাংলাদেশের ন্যাশনাল ডিফেন্স কলেজ এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে যুক্তরাষ্ট্রের প্রশিক্ষণার্থীদের অংশগ্রহণ আরও বাড়ানোর বিষয়টিও বৈঠকে উঠে আসে।

বিজ্ঞাপন

বৈঠকগুলোতে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক প্রশিক্ষণ, সক্ষমতা উন্নয়ন এবং পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যৎ সহযোগিতা আরও জোরদারের বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD