ধানমন্ডি লেকের পাশে গড়ে উঠবে নজরুল সরোবর: ডিএসসিসি প্রশাসক

রবীন্দ্র সরোবরের আদলে ধানমন্ডি লেকের পাশে ‘নজরুল সরোবর’ নামে আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৬ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে ধানমন্ডি লেক পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মো. আবদুস সালাম বলেন, লেকের তলদেশ পরিষ্কারের পরপরই পানি শোধন, সাইডওয়াল সংস্কার, ওয়াকওয়ে আধুনিকায়ন ও সম্প্রসারণ, সৌন্দর্যবর্ধন এবং লাইটিংয়ের কাজ শুরু হবে। শিশুদের জন্য স্পিডবোটের সুযোগসহ পুরো ধানমন্ডি এলাকার রাস্তা, ফুটপাত ও সার্বিক অবকাঠামো সাজানো হবে। পাশাপাশি রবীন্দ্র সরোবরের মতো এখানে ‘নজরুল সরোবর’ নামে একটি আধুনিক উন্মুক্ত সাংস্কৃতিক ও বিনোদনকেন্দ্র গড়ে তোলা হবে।
ডিএসসিসি জানিয়েছে, ৩ দশমিক ১০ কিলোমিটার দৈর্ঘ্য ও ৫৬ মিটার গড় প্রস্থের ধানমন্ডি লেকে জমে থাকা প্রায় ১ লাখ ৬২ হাজার ৫৩৪ ঘনমিটার স্লাজ বা কাদা-বর্জ্য অপসারণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। প্রতিদিন প্রায় ৭০০ ঘনমিটার স্লাজ অপসারণে দুটি ভাসমান এক্সকাভেটর ও চারটি বার্জ ব্যবহার করা হবে। প্রায় এক বছর মেয়াদি এ পুনঃখনন প্রকল্পের প্রাথমিক প্রাক্কলিত ব্যয় ২৬ কোটি টাকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
১৯৬০-এর দশকে পুরোনো পাণ্ডু নদীর অবশিষ্টাংশ নিয়ে গড়ে ওঠা প্রায় ৮৬ একরের ধানমন্ডি লেকে বর্তমানে জলাশয়ের পরিমাণ ৫৫ একর।
ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছে, দীর্ঘদিনের জলাবদ্ধতা, অবকাঠামোগত ক্ষয় ও পরিবেশগত ক্ষতি দূর করে ধানমন্ডি লেককে পুনরুদ্ধার এবং আধুনিক বিনোদনকেন্দ্রে রূপ দিতে মোট ৭৫ কোটি টাকার মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। এর মধ্যে ৫০ কোটি টাকা লেক ও অবকাঠামো সংস্কারে এবং ২৫ কোটি টাকা ‘নজরুল সরোবর’ বা ‘বিদ্রোহী চত্বর’ নির্মাণে ব্যয় হবে।
পরিকল্পনার আওতায় লেকের পাড় সুরক্ষা ও ঢাল স্থিতিশীলকরণ, আধুনিক নিষ্কাশন ব্যবস্থা, হাঁটার পথ সংস্কার, আলোকসজ্জা, সীমানাবেষ্টনী ও নিরাপত্তা রেলিং মেরামত করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অ্যানাউন্সমেন্ট সিস্টেম ও নির্দেশনামূলক সাইনবোর্ড স্থাপন করা হবে।
বিজ্ঞাপন
নতুন বিনোদনব্যবস্থার মধ্যে থাকবে তিনটি ভাসমান ডেক, কিয়স্ক, আধুনিক জিম, ক্যাফেটেরিয়া, ব্যাডমিন্টন কোর্ট, উন্মুক্ত ব্যায়ামাগার ও পার্কিং সুবিধা। উদ্ভিদের চিকিৎসায় বিশেষায়িত ‘ট্রি হাসপাতাল’, নিরাপদ খাবার পানি ও জনবান্ধব শৌচাগারের ব্যবস্থাও থাকবে।
কবি নজরুল ইনস্টিটিউটের ঠিক বিপরীতে ধানমন্ডির ১৩/এ ও ৮/এ সড়কের পাশে ৫০ দশমিক ৯৬৭ কাঠা জমিতে ২৫ কোটি টাকা ব্যয়ে ‘নজরুল সরোবর’ গড়ে তোলা হবে। এখানে নজরুলসংগীত, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা আয়োজনের জন্য উন্মুক্ত অ্যাম্ফিথিয়েটার ও গ্রিনরুম থাকবে।
এ ছাড়া কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও বিদ্রোহী চেতনাভিত্তিক বুক কর্নার, লাইব্রেরি, তথ্যফলক, নগর বন, প্লাজা ও লেকের ঘাট তৈরি করা হবে। থাকবে কবির পছন্দের খাবার পরিবেশনের জন্য বিশেষ রেস্তোরাঁ ও ক্যাফে।
বিজ্ঞাপন
লেকের তলদেশ স্লাজমুক্ত করার পরপরই মূল সংস্কারকাজের পাশাপাশি ‘নজরুল সরোবর’ নির্মাণের কাজও একযোগে বাস্তবায়ন করা হবে।








