চ্যালেঞ্জ মোকাবিলায় সব সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স (ইএমই) কোরের সব সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বিজ্ঞাপন
ইএমই কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ষষ্ঠ কোর পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত ইএমই সেন্টার অ্যান্ড স্কুলে এসব আয়োজন করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বার্ষিক অধিনায়ক সম্মেলনে ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন সেনাপ্রধান। এ সময় মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ইএমই কোরের বীর সেনানীসহ সব বীর মুক্তিযোদ্ধাকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন তিনি।
বিজ্ঞাপন
আরও পড়ুন
জেনারেল ওয়াকার-উজ-জামান ইএমই কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্যের কথা তুলে ধরেন। যুদ্ধ ও শান্তিকালীন সময়ে সেনাবাহিনীর অস্ত্র, যানবাহন ও বিভিন্ন ধরনের যন্ত্রপাতির মেরামত এবং রক্ষণাবেক্ষণে কোরটির গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন।
বিজ্ঞাপন

এ সময় ইএমই কোরের কার্যক্রম, উন্নয়ন ও সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন সেনাবাহিনী প্রধান। পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সব সদস্যকে প্রস্তুত থাকার নির্দেশনা দেন।
অন্যদিকে, ইএমই কোরের ষষ্ঠ কোর পুনর্মিলনী উপলক্ষে ইএমই সেন্টার অ্যান্ড স্কুলের প্যারেড গ্রাউন্ডে পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ উপভোগ করেন সেনাবাহিনী প্রধান। পরে ইএমই কোরের সাবেক ও বর্তমান সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
বক্তব্যে সেনাপ্রধান বলেন, এ ধরনের পুনর্মিলনী আয়োজন কোরের সদস্যদের মধ্যে ঐক্য, সৌহার্দ্য ও পেশাগত মমত্ববোধ আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিজেদের নিয়োজিত রাখার জন্য ইএমই কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান।
বিজ্ঞাপন
আরও পড়ুন
অনুষ্ঠানে ইএমই কোরের কর্নেল কমান্ড্যান্ট ও বাংলাদেশ রুরাল ইলেক্ট্রিফিকেশন বোর্ডের (বিআরইবি) চেয়ারম্যান, সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ৬৬ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও রংপুর এরিয়ার এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন

এ ছাড়া ইএমই কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক, কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।








