সৌদি প্রবাসীদের সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্ক করল কনস্যুলেট

সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, আইনি জটিলতা এড়িয়ে চলা এবং নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করতে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
বিজ্ঞাপন
সোমবার (২৮ সেপ্টেম্বর) প্রকাশিত এক জনকল্যাণমূলক বিজ্ঞপ্তিতে প্রবাসীদের বিভিন্ন বিষয়ে সতর্ক করে এসব নির্দেশনা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবের স্থানীয় আইন, জননিরাপত্তা ও শৃঙ্খলাবিরোধী কোনো বিষয় ফেসবুক, ইউটিউব, এক্সসহ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ, প্রচার, সংরক্ষণ বা আদান-প্রদান করা থেকে বিরত থাকতে হবে। একই সঙ্গে এ ধরনের পোস্টে লাইক, মন্তব্য বা শেয়ার না করার জন্যও অনুরোধ জানিয়েছে কনস্যুলেট।
আরও পড়ুন
বিজ্ঞাপন
কোনো কাগজপত্রের বিষয়বস্তু সম্পূর্ণভাবে না বুঝে তাতে স্বাক্ষর না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সাদা কাগজে স্বাক্ষর বা আঙুলের ছাপ দেওয়ার ক্ষেত্রেও সতর্ক থাকতে বলা হয়েছে।
নিজের ইকামা ব্যবহার করে অন্য কোনো ব্যক্তি, কফিল বা প্রতিষ্ঠানের নামে মোবাইল ফোন, সিম, যানবাহন কিংবা অন্য কোনো সম্পদ নিবন্ধন না করার জন্যও প্রবাসীদের সতর্ক করেছে কনস্যুলেট।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এক অঞ্চল বা প্রতিষ্ঠানের ইকামা ব্যবহার করে অন্য এলাকায় কাজ করা থেকে বিরত থাকতে হবে। রাস্তায় পড়ে থাকা পণ্য বা ক্র্যাপ সংগ্রহ করে বিক্রি, অনুমতি ছাড়া রাস্তার পাশে ব্যবসা এবং অবৈধভাবে পানি বিক্রির মতো দণ্ডনীয় কর্মকাণ্ডেও জড়ানো যাবে না।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অপরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অবৈধ আর্থিক লেনদেন না করার পাশাপাশি চাকরির প্রলোভনে প্রতারণার শিকার হওয়ার বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
কনস্যুলেট জানিয়েছে, সৌদি আরবে বসবাসের সময় স্থানীয় আইন ও বিধিবিধানের প্রতি শ্রদ্ধাশীল থাকা জরুরি। আইন মেনে চলার মাধ্যমে বাংলাদেশি প্রবাসীদের নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন নিশ্চিত করার পাশাপাশি বিদেশে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তিও বজায় রাখা সম্ভব।








