Logo

প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে লেবার পার্টির ১০ দাবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৫:১৩
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতে লেবার পার্টির ১০ দাবি
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ লেবার পার্টি।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি দিয়ে এসব দাবি জানায় দলটি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠক হয়।

দলটির পক্ষ থেকে বলা হয়েছে, প্রবাসীদের জন্য পোস্টাল ভোটের ব্যবস্থা না হওয়া পর্যন্ত স্থানীয় সরকার নির্বাচনের তফসিল ঘোষণা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, একজন নাগরিক দেশের বাইরে অবস্থান করলেও তার নাগরিকত্ব এবং নিজ এলাকার সঙ্গে সামাজিক ও নাগরিক সম্পর্ক বজায় থাকে। যোগ্য প্রবাসী বাংলাদেশিদের স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি হলে গণতান্ত্রিক অংশগ্রহণ আরও বিস্তৃত হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনের সাংবিধানিক দায়িত্ব, নিরপেক্ষতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার প্রতি তাদের আস্থা রয়েছে। একই সঙ্গে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করাকে নির্বাচনী সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

লেবার পার্টির ১০ দফা দাবির মধ্যে রয়েছে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে ভোটের সুযোগ নিশ্চিত করা এবং জাতীয় সংসদ নির্বাচনের পোস্টাল ভোটিংয়ের অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও এ ব্যবস্থা চালু করা।

বিজ্ঞাপন

দলটি আরও বলেছে, প্রবাসী ভোটারদের এনআইডি ও ভোটার তথ্য যাচাই করে তাদের বাংলাদেশে নিবন্ধিত ভোটার এলাকা, ওয়ার্ড ও সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সঙ্গে সঠিকভাবে যুক্ত করতে হবে। অনলাইন নিবন্ধন, পরিচয় যাচাই, ব্যালট পাঠানো ও ফেরত নেওয়া এবং ভোট গণনার ক্ষেত্রে নিরাপদ, স্বচ্ছ ও নিরীক্ষাযোগ্য প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালুর দাবিও রয়েছে।

একই ভোটার যাতে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার পর দেশে এসে আবার ভোট দিতে না পারেন, সে জন্য কার্যকর দ্বৈত ভোট প্রতিরোধ ব্যবস্থা চালুর কথা বলেছে দলটি। যেসব স্থানীয় সরকার নির্বাচন আইনে প্রবাসীদের পোস্টাল ভোটের বিষয়ে স্পষ্ট বিধান নেই, সেসব আইন ও বিধিমালা পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধনের দাবিও জানানো হয়েছে।

এ ছাড়া বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেটের মাধ্যমে প্রবাসী ভোটারদের নিবন্ধন ও ভোটসংক্রান্ত তথ্য ও নাগরিক সহায়তা দেওয়ার প্রস্তাব রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময়সীমাভিত্তিক একটি রোডম্যাপ প্রকাশের দাবিও জানিয়েছে লেবার পার্টি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

দলটি প্রয়োজনে সীমিতসংখ্যক স্থানীয় সরকার প্রতিষ্ঠানে পাইলট প্রকল্প হিসেবে প্রবাসী পোস্টাল ভোটিং চালুর প্রস্তাব দিয়েছে। এর অভিজ্ঞতার ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে ব্যবস্থা সম্প্রসারণের কথাও বলা হয়েছে।

বর্তমানে নির্বাচন কমিশনের পোস্টাল ভোটিং ব্যবস্থায় বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের জন্য জাতীয় সংসদ নির্বাচনে আইটি-সমর্থিত পোস্টাল ভোটের ব্যবস্থা রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এ ব্যবস্থায় নিবন্ধন ও ব্যালট ট্র্যাকিংয়ের জন্য পৃথক প্রযুক্তিগত সুবিধাও চালু করা হয়েছে।

বিজ্ঞাপন

তবে স্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোটের সুযোগ রাখার বিষয়ে নির্বাচন কমিশনের খসড়া বিধিমালায় আগে ভিন্ন অবস্থানের তথ্য প্রকাশিত হয়েছিল। ফলে লেবার পার্টির দাবিগুলোর অন্যতম বিষয় হলো স্থানীয় সরকার নির্বাচনের আইন ও বিধিমালা প্রয়োজন অনুযায়ী সংশোধন করা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD