স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোট নিশ্চিতের দাবি ইরানের

স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান।
বিজ্ঞাপন
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিদেশে কঠোর পরিশ্রম করে তারা নিয়মিত রেমিট্যান্স পাঠাচ্ছেন। কিন্তু নিজ এলাকার স্থানীয় সরকার নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ না থাকলে নাগরিক অংশগ্রহণের ক্ষেত্রে বড় ধরনের ঘাটতি থেকে যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ইরান বলেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও জেলা পরিষদের মতো স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো মানুষের দৈনন্দিন জীবন এবং স্থানীয় উন্নয়নের সঙ্গে সরাসরি যুক্ত। তাই এসব প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি নির্বাচনে বিদেশে অবস্থানরত যোগ্য ও নিবন্ধিত বাংলাদেশি নাগরিকদেরও অংশগ্রহণের সুযোগ থাকা প্রয়োজন।
তার ভাষ্য, প্রবাসীরা শুধু রেমিট্যান্স পাঠান না; তাদের পরিবার, সম্পদ, ব্যবসা-বাণিজ্য ও বিভিন্ন সামাজিক-অর্থনৈতিক স্বার্থ নিজ নিজ এলাকার সঙ্গে যুক্ত। ফলে বিদেশে থাকার কারণে তাদের স্থানীয় গণতান্ত্রিক অধিকার থেকে কার্যত বিচ্ছিন্ন রাখা যুক্তিসঙ্গত নয়।

বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ভোটিং ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে স্থানীয় সরকার নির্বাচনেও প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ তৈরির বাস্তবসম্মত ব্যবস্থা নেওয়া সম্ভব।
বিজ্ঞাপন
আরও পড়ুন
তিনি বলেন, প্রযুক্তিনির্ভর ব্যবস্থার মাধ্যমে এ উদ্যোগ বাস্তবায়ন করা যেতে পারে। এনআইডিভিত্তিক পরিচয় যাচাই, অনলাইন নিবন্ধন, পোস্টাল ব্যালট ও ব্যালট ট্র্যাকিংয়ের মতো নিরাপদ পদ্ধতি ব্যবহার করে প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করা সম্ভব বলে তিনি মনে করেন।
বিজ্ঞাপন
ইরান আরও বলেন, প্রয়োজন হলে স্থানীয় সরকার নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালায় সংশোধন আনতে হবে। নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি স্বচ্ছ ও কার্যকর কাঠামো গড়ে তোলা যেতে পারে।
তিনি নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান, প্রবাসী ভোটারদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে দ্রুত আইনগত, প্রশাসনিক ও প্রযুক্তিগত পদক্ষেপ নেওয়া হোক।








