Logo

এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৩
এ বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করার কথা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, নির্বাচনের নির্দিষ্ট দিনক্ষণ এখনো ঠিক করেনি নির্বাচন কমিশন। তবে কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে নির্বাচন শেষ করার কথা জানিয়েছে।

মীর শাহে আলম বলেন, রমজান, এসএসসি পরীক্ষা ও ডিসেম্বরের বার্ষিক পরীক্ষার সময় বিবেচনা করেই নির্বাচন কমিশন সময়সূচি নির্ধারণের দিকে এগোচ্ছে। ভোটকেন্দ্র হিসেবে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহৃত হওয়ায় এসব বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন কমিশনই ভোট শুরুর ও শেষ হওয়ার সময় নির্ধারণ করবে। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সচিবদের সঙ্গে কমিশনের আন্তঃমন্ত্রণালয় বৈঠক হয়েছে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট পক্ষগুলো আবারও বৈঠকে বসবে।

প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, নির্বাচন কমিশন সেপ্টেম্বরের শেষ দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে আরেকটি বৈঠক করে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে। তিনি বলেন, নির্বাচন কবে থেকে শুরু হবে, সেটি কমিশনকেই ঠিক করতে হবে।

বিজ্ঞাপন

স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাব্য ব্যয়ের বিষয়ে মীর শাহে আলম জানান, পাঁচটি স্তরের নির্বাচন আয়োজন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে। এর মধ্যে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ কোটি টাকা এবং উপজেলা নির্বাচনে প্রায় ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয়ের সম্ভাব্য হিসাব দেওয়া হয়েছে। পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচনে তুলনামূলক কম ব্যয় হবে বলে জানান তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে কোন নির্বাচন কবে শুরু হবে, সে বিষয়ে তখনও চূড়ান্ত সময়সূচি ঘোষণা করা হয়নি।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের প্রত্যাশা অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনগুলো শেষ করা। তবে ভোট শুরুর সময় নির্ধারণের দায়িত্ব নির্বাচন কমিশনের, কারণ নির্বাচন পরিচালনা করবে তারাই।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD