Logo

মরিয়মকে বিয়ে করি মৌখিকভাবে, জিজ্ঞাসাবাদে জানালেন গাজী নজরুল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৮
মরিয়মকে বিয়ে করি মৌখিকভাবে, জিজ্ঞাসাবাদে জানালেন গাজী নজরুল
ছবি: সংগৃহীত

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম জিজ্ঞাসাবাদে তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে মৌখিকভাবে বিয়ে করার কথা জানিয়েছেন বলে আদালতে দেওয়া পুলিশের আবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশ বলেছে, পরে তাদের বিয়ের কাবিন রেজিস্ট্রিও করা হয়।

বিজ্ঞাপন

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় দ্বিতীয় দফার চার দিনের রিমান্ড শেষে সোমবার (২৮ সেপ্টেম্বর) গাজী নজরুলকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালতে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন। আবেদনে বলা হয়, জিজ্ঞাসাবাদে গাজী নজরুল জানিয়েছেন, মামলার বাদী তার পূর্বপরিচিত আত্মীয় এবং সম্পর্কে ভাগিনা। মরিয়ম ছিলেন তার নাতনি সম্পর্কের।

পুলিশের আবেদনে আরও বলা হয়, গাজী নজরুল ঢাকায় এলে বাদীর বাসায় থাকতেন এবং সংসদীয় কাজ পরিচালনা করতেন। এভাবে মরিয়মের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা তৈরি হয়। পরে তিনি মরিয়মকে বিয়ে করেন বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

বিজ্ঞাপন

আবেদনের তথ্য অনুযায়ী, গত ১৭ জুন গাজী নজরুল কালেমা পড়ে মরিয়মকে মৌখিকভাবে বিয়ে করেন। পরবর্তীতে তার নিজ এলাকায় বিয়ের কাবিন রেজিস্ট্রি করা হয় বলে পুলিশকে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ আদালতকে জানায়, মামলাটি গুরুত্বপূর্ণ এবং রিমান্ডে পাওয়া তথ্যগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। আসামিকে জামিনে মুক্তি দেওয়া হলে তদন্তে ব্যাঘাত ঘটতে পারে বলে আবেদনে উল্লেখ করা হয়। তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাকে কারাগারে রাখার আবেদন জানায় পুলিশ।

অন্যদিকে গাজী নজরুলের আইনজীবী মাহবুবুর রহমান জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

এর আগে ২১ সেপ্টেম্বর গাজী নজরুলের প্রথম দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। পরে ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় আরও চার দিনের রিমান্ড দেওয়া হয়। দুই দফায় মোট আট দিনের রিমান্ড শেষে সোমবার তাকে কারাগারে পাঠানো হলো।

গত ২০ সেপ্টেম্বর রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন।

মামলায় গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এবং মরিয়মের মামা ওবায়দুর রহমানকে আসামি করা হয়। গাজী নজরুল গ্রেপ্তারের পর ২১ সেপ্টেম্বর তার প্রথম স্ত্রী মাকসুদার এক দিনের রিমান্ড মঞ্জুর হয়। রিমান্ড শেষে ২২ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। ২৩ সেপ্টেম্বর গ্রেপ্তারের পর মরিয়মের মামা ওবায়দুর রহমানকেও কারাগারে পাঠানো হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD