Logo

সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য, ছয় মাসে শনাক্ত ৯৬টি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৩৩
সেনাবাহিনীকে ঘিরে অপতথ্য, ছয় মাসে শনাক্ত ৯৬টি
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী ও বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের ঘিরে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। রিউমর স্ক্যানারের ২০২৬ সালের প্রথম ছয় মাসের পরিসংখ্যান অনুযায়ী, এ সময়ে সেনাবাহিনীকে লক্ষ্য করে ৯৬টি অপতথ্য শনাক্ত করা হয়েছে, যা ২০২৫ সালের একই সময়ের ৭৪টির তুলনায় প্রায় ৩০ শতাংশ বেশি।

বিজ্ঞাপন

রিউমর স্ক্যানারের হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ঘিরে মোট ১৯৫টি অপতথ্য শনাক্ত হয়েছে। এর মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে লক্ষ্য করে ছড়ানো ২১টি তথ্যও ফ্যাক্টচেকিংয়ের মাধ্যমে ভিত্তিহীন হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ফ্যাক্টচেকিং সংস্থাটির বিশ্লেষণে আরও উঠে এসেছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বাংলাদেশে মোট ৩ হাজার ২১০টি অপতথ্য শনাক্ত হয়েছে। এসবের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি ভুয়া কনটেন্টও রয়েছে। রিউমর স্ক্যানার এ সময়ে ৫০৪টি এআই-নির্মিত অপতথ্য শনাক্ত করেছে।

সামরিক বাহিনীকে ঘিরে ছড়ানো এসব কনটেন্টের মধ্যে ভুয়া ছবি, বিকৃত ভিডিও, মনগড়া তথ্য এবং পুরোনো ঘটনার সঙ্গে নতুন তথ্য জুড়ে দেওয়ার মতো কৌশল ব্যবহারের কথা জানিয়েছে ফ্যাক্টচেকিং সংস্থাটি। তবে এসব কনটেন্টের পেছনে নির্দিষ্ট কোনো সংগঠিত এজেন্ডা রয়েছে কি না, তা আলাদাভাবে প্রমাণিত হয়নি।

২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক সংকটের সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা এবং রাষ্ট্রপতির সঙ্গে পরবর্তী প্রক্রিয়া নিয়ে বৈঠকের কথা জানিয়েছিলেন। ওই সময়ের ঘটনাপ্রবাহ নিয়ে রয়টার্সও সেনাপ্রধানের বক্তব্য ও সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিল।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিশেষজ্ঞদের মতে, সামরিক বাহিনী বা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মতো সংবেদনশীল বিষয় নিয়ে ভুয়া তথ্য দ্রুত ছড়িয়ে পড়লে জনমনে বিভ্রান্তি তৈরি হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনী বা এর নেতৃত্বকে ঘিরে কোনো দাবি ছড়িয়ে পড়লে নির্ভরযোগ্য উৎস ও ফ্যাক্টচেকের মাধ্যমে তথ্য যাচাইয়ের গুরুত্ব রয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD