Logo

টোকিওতে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ২২:০১
টোকিওতে সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাপানের টোকিওতে নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত নৈশভোজে অংশ নিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৬ অক্টোবর) টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় এ আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

পরে প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন গণমাধ্যমকে নৈশভোজে অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেন।

নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের স্মৃতিচারণ করেন। একই সঙ্গে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা ও জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়ার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

নৈশভোজে বাংলাদেশে সংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনের সম্ভাব্য সহযোগিতা নিয়েও আলোচনা হয়। এ উদ্যোগ বাস্তবায়িত হলে সংক্রামক রোগ প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এ ছাড়া অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ অন্যরা।

জাপানের পক্ষ থেকে নৈশভোজে অংশ নেন নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়া এবং সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইয়োহেই সাসাকাওয়া। ওই বৈঠকের ধারাবাহিকতায় এবারের নৈশভোজে বাংলাদেশে মানবিক সহায়তা, শিক্ষা, জনস্বাস্থ্য এবং ভ্যাকসিন উৎপাদনে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD