Logo

লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ৪১ জন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর, ২০২৬, ২২:০৯
লিবিয়া থেকে দেশে ফিরছেন ১৭৪ বাংলাদেশি, অসুস্থ ৪১ জন
ছবি: সংগৃহীত

বাংলাদেশ দূতাবাস, লিবিয়ার উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মানবিক সহায়তায় আরও ১৭৪ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ অক্টোবর) লিবিয়া থেকে যাত্রা করা এসব বাংলাদেশি মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল ৭টায় বুরাক এয়ারের ইউজেড২২২ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

প্রত্যাবাসনকারীদের মধ্যে ৩৬ জন সাগর থেকে আটকের পর ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে বন্দী ছিলেন। বাকি ১৩৮ জন ত্রিপোলির ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক পরিস্থিতি থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন। তাঁদের মধ্যে ৪১ জন শারীরিকভাবে অসুস্থ।

লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দূতাবাস প্রাঙ্গণে দেশে ফেরার অপেক্ষায় থাকা বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ সময় রাষ্ট্রদূত অনিয়মিত অভিবাসনের ঝুঁকি ও নেতিবাচক পরিণতি সম্পর্কে তাঁদের সচেতন করেন। তিনি বলেন, অনিয়মিত পথে বিদেশে যাওয়ার কারণে মানুষ শারীরিক, মানসিক ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। এর বিরূপ প্রভাব তাঁদের পরিবার ও সমাজের ওপরও পড়ে।

রাষ্ট্রদূত দেশে ফিরে নতুনভাবে জীবন শুরু করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পথ অনুসরণ এবং অনিয়মিত অভিবাসনের ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন

এ ছাড়া মানবপাচারকারী ও দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সহযোগিতা করার আহ্বান জানান রাষ্ট্রদূত।

এদিকে, আগামী ২৮ অক্টোবর মিসরাতা শহর থেকে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী আরও ১৭৫ জন বাংলাদেশিকে মানবিক সহায়তায় প্রত্যাবাসনের লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস, লিবিয়া।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD