Logo

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হওয়ার পূর্বাভাস, সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর, ২০২৬, ১১:৫৭
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ দুর্বল হওয়ার পূর্বাভাস, সমুদ্রবন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল
ছবি: সংগৃহীত

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হেনেছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। ঘূর্ণিঝড়টির উপকূল অতিক্রমের প্রক্রিয়া শুরু হয়েছে এবং এটি স্থলভাগের দিকে অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে ধীরে ধীরে দুর্বল হয়ে আসতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের বিশেষ আবহাওয়া বিজ্ঞপ্তিতে ঘূর্ণিঝড়টির অবস্থান ও সম্ভাব্য প্রভাব সম্পর্কে সতর্ক করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘অর্ণব’ পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ক্রমে দুর্বল হয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে।

এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের ওপর নজর রাখছে আবহাওয়া কর্তৃপক্ষ। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD