Logo

তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর, ২০২৬, ১০:৪৬
তুরাগ নদ থেকে ফ্লাইট লেফটেন্যান্ট (অব.) তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে নদে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার সকালে এ তথ্য জানান নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে তুরাগ নদ থেকে মরদেহ উদ্ধার করে তাঁর এক আত্মীয়কে খবর দেওয়া হয়।

পুলিশ সুপার জানান, তাৎক্ষণিকভাবে তাহসিফ সাউরির মৃত্যুর কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানা যেতে পারে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশের তথ্য অনুযায়ী, বুধবার বিকেলে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল উত্তরখানের রাজাবাড়ী ঘাট এলাকায় যায়। সেখানে নদে ভাসমান অবস্থায় আনুমানিক ২৮ বছর বয়সী এক ব্যক্তির মরদেহ পাওয়া যায়। প্রাথমিকভাবে তাঁর পরিচয় জানা না গেলেও সুরতহাল প্রতিবেদন তৈরির সময় পরনে সাদা পাজামা ও কালো জামা, হাতে ঘড়ি এবং পকেটে একটি আইফোন পাওয়া যায়। পরে ওই ফোনের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করা হয়।

বিজ্ঞাপন

নিহত তাহসিফ সাউরির বাবার নাম কে এম এনায়েতুর। তিনি রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের ১৪/বি নম্বর সড়কের বাসিন্দা ছিলেন।

এদিকে, তাহসিফ সাউরির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনার দেশত্যাগের মুহূর্তের যে ভিডিও ছড়িয়ে পড়েছিল, সেটি তিনি ধারণ করেছিলেন। তবে নৌ পুলিশের ঢাকা রিজিয়নের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন এ তথ্যের সত্যতা নিশ্চিত করেননি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি এখনো যাচাই করা যায়নি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD