Logo

ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় মাঠে ৫৩০০ সদস্য

profile picture
নিজস্ব প্রতিবেদক
ঠাকুরগাঁও
২৯ অক্টোবর, ২০২৬, ০৮:৩৭
ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ চলছে, নিরাপত্তায় মাঠে ৫৩০০ সদস্য
ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে উৎসবমুখর পরিবেশ ও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে ভোট নেওয়া শুরু হয়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বিজ্ঞাপন

উপনির্বাচন ঘিরে নির্বাচন কমিশন (ইসি) ও জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আসনটির ১৮৫টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বাক্সসহ প্রয়োজনীয় নির্বাচনি সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কামরুল ইসলামের তথ্য অনুযায়ী, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় মাঠ থেকে প্রিসাইডিং কর্মকর্তাদের কাছে নির্বাচনি সরঞ্জাম হস্তান্তর করা হয়। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি কেন্দ্র রয়েছে। প্রতিটি কেন্দ্রে ভোটগ্রহণের কার্যক্রম পর্যবেক্ষণে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নিরাপত্তায় মোতায়েন ৫ হাজার ৩০০ সদস্য

বিজ্ঞাপন

নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জেলাজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের প্রায় ৫ হাজার ৩০০ সদস্য দায়িত্ব পালন করছেন।

নিরাপত্তাব্যবস্থায় রয়েছেন ২ হাজার ২৭২ জন পুলিশ সদস্য, ২১ প্লাটুন বিজিবি এবং ২ হাজার ৪০৫ জন আনসার সদস্য। এ ছাড়া নির্বাচনি দায়িত্বে রয়েছেন তিনজন বিচারিক ম্যাজিস্ট্রেট ও ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোটের মাঠে পরিস্থিতি পর্যবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে ৯০টি মোবাইল স্ট্রাইকিং ফোর্স সক্রিয় রয়েছে। পাশাপাশি নির্বাচন কমিশনের ২৫ জন নিজস্ব পর্যবেক্ষক, চারজন বিদেশি পর্যবেক্ষক এবং ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক নির্বাচনি কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

বিজ্ঞাপন

রিটার্নিং কর্মকর্তা জানান, সাধারণ জাতীয় নির্বাচনের তুলনায় এই উপনির্বাচনে কয়েকগুণ বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পাঁচ প্রার্থীর লড়াই, ভোটার ৫ লাখের বেশি

ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৮ হাজার ৬৩ জন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী।

বিজ্ঞাপন

প্রার্থীরা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর প্রার্থী ও ১১ দলীয় জোটের সমর্থিত মো. দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলিম নিজামী (বটগাছ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম (হাতপাখা) এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।

ভোটগ্রহণের নির্ধারিত সময় বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই এখন নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষের প্রধান দায়িত্ব।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD