ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিতর্কিত করতেই বানোয়াট অভিযোগ করা হচ্ছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে প্রশ্নবিদ্ধ ও বিতর্কিত করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মিথ্যা ও বানোয়াট অভিযোগ করা হচ্ছে বলে দাবি করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। তাঁর অভিযোগ, ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা বিভিন্ন বক্তব্য ও অভিযোগের মাধ্যমে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক সৃষ্টির চেষ্টা করছেন।
বিজ্ঞাপন
বুধবার (২৮ অক্টোবর) রাতে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেনের উত্থাপিত বিভিন্ন অভিযোগের জবাব দিতে গিয়ে বিএনপির এই প্রার্থী নিজের অবস্থান তুলে ধরেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ফয়সল আমীন বলেন, নির্বাচনের আগে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা চলছে। তবে এসব পরিস্থিতির মধ্যেও সব শ্রেণি-পেশার ভোটার স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে তিনি আশাবাদী।
তিনি অভিযোগ করেন, ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা পরিকল্পিতভাবে একের পর এক মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছেন। তাঁর দাবি, এসব অভিযোগের কয়েকটি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মিথ্যা প্রমাণিত হয়েছে। কখনো মিথ্যাচার, আবার কখনো হামলা ও হুমকির অভিযোগ সামনে এনে নির্বাচনের পরিবেশ নিয়ে বিতর্ক তৈরির চেষ্টা করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনে ভোটারদের অর্থ দেওয়ার অভিযোগও নাকচ করে দেন বিএনপির এই প্রার্থী। তিনি বলেন, ‘বিএনপি এ ধরনের হীন কর্মকাণ্ডে জড়িত নয়। বরং একই অভিযোগ তাদের বিরুদ্ধে আমাদেরও।’
বিজ্ঞাপন
আরও পড়ুন
নির্বাচনের ফলাফল মেনে নেওয়ার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে ফয়সল আমীন জানান, ফলাফল যে পক্ষেই যাক, তিনি তা মেনে নেবেন। তাঁর মতে, নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করার অর্থ গণতান্ত্রিক আদর্শের প্রতি আস্থা না রাখা। জনগণের মতামতকে সম্মান করাই গণতন্ত্রের মূল ভিত্তি।
বিজ্ঞাপন
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে ভোটাররা যাতে শান্তিপূর্ণ পরিবেশে নির্ভয়ে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করাই এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ দায়িত্ব।








