পিএইচপির গুরুতর ত্রুটিতে সাইবার হামলার শঙ্কা, সতর্ক বাংলাদেশ

ওয়েবসাইট তৈরিতে বহুল ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দুটি গুরুতর নিরাপত্তা দুর্বলতা শনাক্ত হওয়ার পর বিশ্বজুড়ে সাইবার হামলার আশঙ্কা দেখা দিয়েছে। সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশেও উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা বিবেচনায় বাংলাদেশ ব্যাংকসহ কয়েকটি ব্যাংকের ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সরকারের কম্পিউটার ইনসিডেন্ট রেসপন্স টিম বিজিডি ই-গভ সার্ট এ সতর্কতা জারি করে। সংস্থাটির তথ্য অনুযায়ী, শনাক্ত হওয়া ত্রুটি কাজে লাগিয়ে সাইবার হামলাকারীরা ব্যবহারকারীর নাম-পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সার্ভারে ক্ষতিকর নির্দেশনা পাঠাতে পারে।
নিরাপত্তা দুর্বলতা দুটি ‘পিএইচপি২শেল’ নামে পরিচিত। এগুলোর শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১০৯৬১৮ ও সিভিই-২০২৬-১০৯৬১৯। আন্তর্জাতিক নিরাপত্তা মূল্যায়নে ত্রুটি দুটির ঝুঁকির স্কোর ১০-এর মধ্যে ৯ দশমিক ২, যা অত্যন্ত গুরুতর হিসেবে বিবেচিত।
যেসব ওয়েবসাইট ঝুঁকিতে
বিজ্ঞাপন
বিজিডি ই-গভ সার্টের তথ্য অনুযায়ী, পিএইচপির তথ্য ব্যবস্থাপনার কিছু দুর্বলতা কাজে লাগিয়ে বিশেষভাবে তৈরি অনুরোধ সার্ভারে পাঠাতে পারে আক্রমণকারীরা। এতে সার্ভারে অননুমোদিত নির্দেশনা চালানো, এমনকি কোনো কোনো ক্ষেত্রে সার্ভারের নিয়ন্ত্রণ নেওয়ার আশঙ্কা রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পিএইচপি-এফপিএম, অ্যাপাচির মড পিএইচপি, পিএইচপি-সিজিআই, ফ্র্যাঙ্কেনপিএইচপি ও লাইটস্পিড প্রযুক্তি ব্যবহারকারী ওয়েবসাইটগুলো বিশেষভাবে ঝুঁকির মুখে পড়তে পারে। একই সার্ভারে একাধিক ওয়েবসাইট পরিচালনা করা হলে কিংবা ডকারের মতো প্রযুক্তি ব্যবহৃত হলে ঝুঁকি মূল্যায়ন করা প্রয়োজন।
এ দুর্বলতার কারণে সরকারি ওয়েবসাইট, ব্যাংকিং সেবা, ই-কমার্স প্ল্যাটফর্ম এবং ওয়ার্ডপ্রেস ও লারাভেলভিত্তিক ওয়েবসাইট আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। হামলা সফল হলে গুরুত্বপূর্ণ ফাইল ও তথ্য চুরি, তথ্যভান্ডারে প্রবেশের গোপন তথ্য ফাঁস, ওয়েবসাইট অচল হয়ে যাওয়া এবং সার্ভারের নিয়ন্ত্রণ হারানোর মতো ঘটনা ঘটতে পারে।
বিজ্ঞাপন
দ্রুত পিএইচপি হালনাগাদের পরামর্শ
সম্ভাব্য ঝুঁকি কমাতে পিএইচপির নিরাপদ সংস্করণে দ্রুত হালনাগাদ করার পরামর্শ দিয়েছে বিজিডি ই-গভ সার্ট। সংস্থাটির উল্লেখ করা নিরাপদ সংস্করণগুলো হলো ৮.৫.১২, ৮.৪.২৭, ৮.৩.৩৬ ও ৮.২.৩৫।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, শুধু ওয়েবসাইটের সফটওয়্যার বা কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হালনাগাদ করলেই হবে না; সার্ভারে ব্যবহৃত পিএইচপির মূল সংস্করণও সংশোধিত সংস্করণে নিতে হবে। হালনাগাদ শেষে নিরাপত্তা সংশোধন কার্যকর হয়েছে কি না, তা যাচাই করাও জরুরি।
বিজ্ঞাপন
তাৎক্ষণিকভাবে হালনাগাদ করা সম্ভব না হলে সার্ভারে প্রবেশাধিকার সীমিত রাখা, ভিপিএনের মাধ্যমে নিরাপদ সংযোগ নিশ্চিত করা এবং অনুমোদিত আইপি ঠিকানার বাইরে থেকে প্রবেশ বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি সার্ভারের কার্যক্রমের রেকর্ড নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে এসব ব্যবস্থা সাময়িক সুরক্ষা দিতে পারে। স্থায়ী সমাধানের জন্য সংশ্লিষ্ট নিরাপত্তা ত্রুটি সংশোধন করা হয়েছে—এমন পিএইচপি সংস্করণে হালনাগাদ করা প্রয়োজন।
নিরাপত্তাঝুঁকিতে বন্ধ বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট
বিজ্ঞাপন
নিরাপত্তাঝুঁকি বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানিয়েছেন, সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। ঝুঁকি বিশ্লেষণ শেষে এটি আবার চালু করা হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে ওয়েবসাইট বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তার দুর্বলতা শনাক্ত করে তা সমাধানের জন্য সংশ্লিষ্ট প্রযুক্তিবিদেরা কাজ করছেন।








