ঢাকায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের (পিএসিএএফ) অংশগ্রহণে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়া ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৬’ শুরু হয়েছে। মহড়ায় দুই দেশের মোট ১৩৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে এ মহড়া শুরু হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনায় এবং বাংলাদেশ বিমানবাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মহড়ায় বাংলাদেশের ১২০ জন এবং যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের ১৮ জন সদস্য অংশ নিচ্ছেন।
মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এ কে খন্দকার ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মিশন ডেপুটি চিফ তৃষিতা মওলা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
মহড়ায় বিষয়ভিত্তিক মতবিনিময়ের মাধ্যমে বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা ও কার্যক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে। এতে সি-১৩০জে ও সি-১৩০বি বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ, এভিয়েশন নিরাপত্তা, বিপজ্জনক পদার্থ ব্যবস্থাপনা, অ্যারোস্পেস মেডিসিন ও ফিজিওলজি, আকাশপথে পণ্য পরিবহন ও হ্যান্ডলিং, বিমানঘাঁটির প্রতিরক্ষা এবং বাহিনীর নিরাপত্তা নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হবে।
বিজ্ঞাপন
এ ছাড়া দুর্ঘটনার সময় অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রম নিয়েও আলোচনা হবে।
বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে পারস্পরিক সমন্বয় ও কার্যক্ষমতা বাড়ানো, পেশাগত জ্ঞান বিনিময় এবং সর্বোত্তম অনুশীলন সম্পর্কে ধারণা অর্জন এ মহড়ার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে সি-১৩০ বিমানের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ পদ্ধতির মানোন্নয়ন এবং ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। আগামী পাঁচ দিন এ যৌথ সামরিক মহড়া চলবে।








