৪ নভেম্বর থেকে সারা দেশে কমবে গ্যাস সরবরাহ, ভোগান্তির শঙ্কা

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আগামী ৪ নভেম্বর থেকে সারা দেশে গ্যাস সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালের কার্যক্রম তিন দিন বন্ধ থাকায় জাতীয় গ্যাস গ্রিডে সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমবে। এতে দেশের বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের স্বল্প চাপ দেখা দিতে পারে।
বিজ্ঞাপন
রবিবার (১ নভেম্বর) পেট্রোবাংলার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশখালীতে অবস্থিত সামিট এলএনজি টার্মিনালে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ পরিচালনার জন্য আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ থাকবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
এ সময় জাতীয় গ্যাস গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ ৯২০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ৬০০ মিলিয়ন ঘনফুটে দাঁড়াবে। অর্থাৎ প্রতিদিন সরবরাহ কমবে ৩২০ মিলিয়ন ঘনফুট।
সরবরাহ কমে যাওয়ার প্রভাবে সারা দেশে গ্যাসের চাপ স্বাভাবিকের তুলনায় কম থাকতে পারে বলে জানিয়েছে পেট্রোবাংলা। এতে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের গ্রাহকদের সাময়িক ভোগান্তির আশঙ্কা রয়েছে।
এর আগে গত বছরের ডিসেম্বরেও একই ধরনের রক্ষণাবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়েছিল। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা কর্তৃপক্ষ।








