স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ন্যায্য আন্দোলনে বাংলাদেশের অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেছেন তিনি।
বিজ্ঞাপন
রবিবার (২৯ নভেম্বর) ফিলিস্তিনি জনগণের প্রতি আন্তর্জাতিক সংহতি দিবস উপলক্ষে দেওয়া এক বার্তায় প্রধানমন্ত্রী এ অবস্থান জানান।
বার্তায় তারেক রহমান বলেন, বাংলাদেশ ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমান্তের ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে তার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করছে।
প্রধানমন্ত্রী বলেন, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে মানবাধিকার ও আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের ঘটনা অব্যাহত থাকায় আন্তর্জাতিক সংহতি দিবসের তাৎপর্য আরও বেড়েছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা, ইসরায়েলি বসতি সম্প্রসারণ এবং জরুরি পণ্য প্রবেশে বিধিনিষেধ একটি কার্যকর ও ভৌগোলিকভাবে সংযুক্ত ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করছে।
আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) পরামর্শমূলক মতামতের বিষয়টিও আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী দখলদার শক্তির নির্দিষ্ট দায়িত্ব রয়েছে। এর মধ্যে যুদ্ধের কৌশল হিসেবে বেসামরিক জনগণকে অনাহারে রাখার ওপর নিষেধাজ্ঞাও রয়েছে।
ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার পাশাপাশি দেশটির ওপর থেকে দখলদারত্ব অবসানের আহ্বান জানান তারেক রহমান। একই সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের বিতর্কে ফিলিস্তিনের প্রেসিডেন্টের পূর্বে ধারণ করা বক্তব্য উপস্থাপনের সুযোগ দেওয়ার প্রস্তাব গৃহীত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন তিনি।
গাজায় জাতিসংঘের অনুমোদিত আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন প্রতিষ্ঠার প্রতিও সমর্থন জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, এই মিশনের সুনির্দিষ্ট দায়িত্বের মধ্যে বেসামরিক নাগরিকদের সুরক্ষা, বাধাহীন মানবিক সহায়তা নিশ্চিত করা এবং দ্রুত পুনরুদ্ধার ও পুনর্গঠন কার্যক্রমে সহযোগিতা অন্তর্ভুক্ত থাকা প্রয়োজন।
বার্তার শেষাংশে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর, বাস্তবসম্মত ও সমন্বিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকার ও আকাঙ্ক্ষা পূরণে আন্তর্জাতিক অঙ্গীকারকে বাস্তব পদক্ষেপে রূপ দিতে হবে। এর মাধ্যমে ফিলিস্তিনিরা যেন নিজেদের স্বাধীন ভূখণ্ডে শান্তি, নিরাপত্তা, মর্যাদা ও ন্যায়বিচারের সঙ্গে বসবাস করতে পারেন।








