স্থানীয় সরকার নির্বাচনে সহিংসতা বরদাশত করা হবে না: ইসি সানাউল্লাহ

স্থানীয় সরকার নির্বাচনে কোনো ধরনের সহিংসতা বরদাশত করা হবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেছেন, ভোটের মাধ্যমে নির্বাচনে জয়ী হতে হবে। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করা হলে নির্বাচন কমিশন তা প্রতিহত করবে।
বিজ্ঞাপন
রবিবার নির্বাচন ভবনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের প্রথম দিনের আলোচনা শেষে তিনি এসব কথা বলেন। এ সময় রাজনৈতিক দলের প্রতিনিধিরা বিভিন্ন বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন।
সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনে নির্বাচনি এজেন্টদের উপস্থিতি সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রধান রাজনৈতিক দলগুলো প্রায় শতভাগ ভোটকেন্দ্রে নিজেদের নির্বাচনি ও পোলিং এজেন্ট নিয়োগ করেছিল। নির্বাচন কমিশনের ওয়েবসাইটে শতভাগ কেন্দ্রের এজেন্টদের স্বাক্ষরযুক্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। ফলে পরবর্তী সময়ে ফলাফল পরিবর্তন বা কারসাজির সুযোগ ছিল না।
স্থানীয় সরকার নির্বাচনেও প্রতিটি কেন্দ্রে নির্বাচনি এজেন্ট ও পোলিং এজেন্ট নিয়োগের ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি। পাশাপাশি দায়িত্ব পালনের আগে পোলিং এজেন্টদের যথাযথ প্রশিক্ষণ দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এই নির্বাচন কমিশনার।
জাতীয় নির্বাচনে সহিংসতা কমে আসার প্রসঙ্গে আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, অতীতে জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনকেন্দ্রিক সহিংসতায় দুজনের মৃত্যু হয়েছে। তাঁদের একজন শহীদ শরিফ ওসমান হাদি। অন্য একটি ঘটনায় দুই রাজনৈতিক দলের সংঘর্ষে আহত একজন পরে হাসপাতালে মারা যান। নির্বাচনের দিন কোথাও ঘুষি বা মারামারির ঘটনাও ঘটেনি বলে উল্লেখ করেন তিনি।
রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের কথার অনেক গুরুত্ব রয়েছে। অনুসারীরা আপনাদের বক্তব্য অনুসরণ করেন। কেন্দ্রীয়ভাবে যদি আপনারা বলেন, আমরা আর সহিংস নির্বাচনের পথে হাঁটবো না, ভোটের মাধ্যমেই নির্বাচনে জয়ী হতে হবে, তাহলে সেটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নির্বাচনে ভোটের মাধ্যমে পাস করতে হবে, অন্য কোনো বিকল্প থাকবে না। অন্য কোনো পদ্ধতিতে নির্বাচনের চেষ্টা হলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা প্রতিহত করা হবে।
স্থানীয় সরকার নির্বাচনেও প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা জোরদারের পরিকল্পনার কথা জানান সানাউল্লাহ। তিনি বলেন, শতভাগ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের চেষ্টা থাকবে। দৈব দুর্বিপাক না ঘটলে বডি-ওর্ন ক্যামেরাও ব্যবহার করা হবে। পাশাপাশি ড্রোন ও সরাসরি পর্যবেক্ষণের ব্যবস্থা রাখা হবে। জাতীয় নির্বাচনে ব্যবহৃত সুরক্ষা অ্যাপও কাজে লাগানো হবে।
রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিদের নির্বাচন কমিশনের মনিটরিং সেল পরিদর্শনের আমন্ত্রণ জানিয়ে তিনি বলেন, যেকোনো রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেকোনো সময় এসে মনিটরিং কার্যক্রম দেখতে পারবেন। এতে দলগুলো নির্বাচন কমিশনের কার্যক্রম সম্পর্কে নিশ্চিত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবে।
অভিযোগ ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে নির্বাচন কমিশনার বলেন, অনেক অভিযোগের ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায় না। কোথায় ঘটনা ঘটেছে, কারা জড়িত কিংবা কারা সাক্ষী—এসব উল্লেখ না করে শুধু বলা হয়, বাড়ি বাড়ি টাকা বিতরণ হচ্ছে। এ ধরনের অস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া কঠিন। তাই অভিযোগ জমা দেওয়ার সময় প্রয়োজনীয় তথ্য-প্রমাণ উল্লেখ করার আহ্বান জানান তিনি।
নির্বাচনি বিরোধ নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সানাউল্লাহ। তিনি জানান, নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তিরা ট্রাইব্যুনালে যেতে পারেন। এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে ট্রাইব্যুনালের জন্য ১৮০ দিন এবং আপিল নিষ্পত্তিতে ১২০ দিন সময় নির্ধারিত রয়েছে। কিন্তু বাস্তবে আগের নির্বাচন কমিশনের সময়কার ট্রাইব্যুনালের মামলার ফলাফলও এখন পাওয়া যাচ্ছে। এ জটিলতা দূর করতে নির্বাচন কমিশন কাজ করছে।








