Logo

গঙ্গা চু‌ক্তি নিয়ে বাংলাদেশের চি‌ঠির জবাব দেবে ভারত: শামা ওবায়েদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর, ২০২৬, ১৮:৪২
গঙ্গা চু‌ক্তি নিয়ে বাংলাদেশের চি‌ঠির জবাব দেবে ভারত: শামা ওবায়েদ
ছবি: সংগৃহীত

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়ন নিয়ে বাংলাদেশ সরকারের পাঠানো চিঠির জবাব ভারত দেবে বলে প্রত্যাশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের উভয় দেশের জন্যই গঙ্গা চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ বিষয়ে ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে ইতিবাচক সাড়া দেবে বলে আশা করছে ঢাকা।

বিজ্ঞাপন

রবিবার (২৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক্তি নতুন করে নবায়ন করা হবে, নাকি সম্পূর্ণ নতুন কোনো চুক্তি করা হবে—এমন প্রশ্নের জবাবে শামা ওবায়েদ বলেন, বাংলাদেশ বিদ্যমান চুক্তিটিই অব্যাহত রাখতে চায়। এ জন্য চুক্তি নবায়নের বিষয়ে ভারতের সঙ্গে আলোচনা করতে আগ্রহী সরকার।

তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। দুই দেশের জন্য গঙ্গা চুক্তির গুরুত্ব সম্পর্কে ভারত ভালোভাবেই অবগত। বাংলাদেশ আশা করছে, এ বিষয়ে পাঠানো চিঠির জবাব ভারত রাজনৈতিক ও কূটনৈতিকভাবে দেবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এ নিয়ে দরকষাকষির চেয়ে দুই দেশের আলোচনার টেবিলে বসা বেশি প্রয়োজন। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের পথ বের করা সম্ভব।

চুক্তি নবায়ন নাকি নতুন চুক্তি—কোন পথে এগোতে চায় বাংলাদেশ, এমন প্রশ্নে তিনি বলেন, প্রথমে দুই পক্ষকে আলোচনায় বসতে হবে। এখনো আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়নি। বৈঠকে বসার পর বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে বাংলাদেশ আগের চুক্তিটিই নবায়ন করতে চায়।

চলতি বছরের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি নিয়ে দুই দেশের বৈঠক হবে কি না, জানতে চাইলে শামা ওবায়েদ বলেন, যথাসময়ে দুই দেশের প্রধানরা বসবেন এবং সময়মতো সব সমস্যার সমাধান হবে।

এদিকে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যান্য আসামিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে অগ্রগতির প্রশ্নেও কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি জানান, এ বিষয়ে বাংলাদেশ কয়েক দফায় ভারতকে চিঠি দিলেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নির্ধারিত প্রশাসনিক ও আইনি প্রক্রিয়া অনুসরণ করেই এ ধরনের প্রত্যর্পণ সম্পন্ন করতে হয়। এ প্রক্রিয়ায় সময় লাগতে পারে বলেও স্বীকার করেন তিনি।

তবে ভারতের সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকলে প্রত্যর্পণ প্রক্রিয়া আরও দ্রুত করা সম্ভব বলে মনে করেন শামা ওবায়েদ।

তিনি বলেন, বাংলাদেশ চায় হাদির হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতেই বিচারের মুখোমুখি করা হোক। একই সঙ্গে ভারতে পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিদেরও দেশে ফিরিয়ে আনা প্রয়োজন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, ভারত এ বিষয়ে সহযোগিতা করবে এবং প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD