Logo

নির্বাচনি বিধি ভাঙায় সারজিসকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত

profile picture
জেলা প্রতিনিধি
পঞ্চগড়
৫ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:৫০
নির্বাচনি বিধি ভাঙায় সারজিসকে জরিমানা করল ভ্রাম্যমাণ আদালত
সারজিস আলম | ফাইল ছবি

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ আসনের ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় এ জরিমানার আদেশ দেওয়া হয়।

বিজ্ঞাপন

জানা যায়, বুধবার রাত ৮টার পর তেঁতুলিয়া উপজেলায় এক নির্বাচনি পথসভায় বক্তব্য দিচ্ছিলেন সারজিস আলম। এ সময় নির্ধারিত সময়সীমা অতিক্রম করে মাইক ব্যবহার করে বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠে। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সভাস্থলে উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ পায়।

ঘটনার সময় পথসভাস্থলে সারজিস আলমের সঙ্গে পঞ্চগড় জেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসাইন উপস্থিত ছিলেন। পাশাপাশি পুলিশ, প্রশাসনের কর্মকর্তা ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও সেখানে দায়িত্ব পালন করছিলেন।

বিজ্ঞাপন

উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি) এসএম আকাশ নির্বাচনি আচরণবিধির ১৭ ধারার ২ উপধারা লঙ্ঘনের দায়ে সারজিস আলমকে ৫ হাজার টাকা জরিমানা করেন। পরে তার নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করেন। একই সঙ্গে ভবিষ্যতে নির্ধারিত সময়ের মধ্যে মাইক ব্যবহার ও নির্বাচনি বিধি মেনে সভা পরিচালনার বিষয়ে সতর্ক করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আকাশ বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে নিয়মিতভাবে বিভিন্ন এলাকায় নির্বাচনি আচরণবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। কেউ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

সারজিস আলমের নির্বাচনি প্রতিনিধি হাবিবুর রহমান হাবিব জানান, পথসভায় বক্তব্য দিতে গিয়ে নির্ধারিত সময় অতিক্রম হয়ে যায়। এ কারণে ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন। আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সঙ্গে সঙ্গেই জরিমানার টাকা পরিশোধ করা হয়েছে। ভবিষ্যতে নির্বাচনি আচরণবিধি পুরোপুরি মেনেই সভা ও কার্যক্রম পরিচালিত হবে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD