Logo

এক বাড়িতেই অস্ত্রের পাহাড়, গ্রেফতার কে এই দীপু

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:২৫
এক বাড়িতেই অস্ত্রের পাহাড়, গ্রেফতার কে এই দীপু
ছবি: সংগৃহীত

রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকার একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর বিশেষ অভিযানিক দল। অভিযানে গ্রেফতার হয়েছেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপু।

বিজ্ঞাপন

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার হওয়া বাড়িটি মেহেদী হাসানেরই এবং সেখান থেকেই দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

পুলিশ জানায়, ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে এবং মেহেদী হাসান দীপুকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

ঢাকা মহানগর পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, গতকাল শুক্রবার অস্ত্র ও গুলিসহ দীপুকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অস্ত্র মজুত ও সরবরাহের তথ্য পাওয়া গেছে।

বিজ্ঞাপন

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, মেহেদী হাসান দীপু শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের হয়ে রামপুরা, বনশ্রী, বাড্ডা, ভাটারা, বারিধারা ও গুলশান এলাকায় অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করতেন। সুব্রত বাইন ও আরেক শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদের গ্রেফতারের পর তাদের হয়ে এলাকাভিত্তিক চাঁদাবাজি, অস্ত্র ব্যবসা ও সহিংস কার্যক্রম দেখভাল করছিলেন দীপু। পুলিশের ধারণা, তাঁর ও সহযোগীদের কাছে আরও অস্ত্র রয়েছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গ্রেফতার হওয়া দীপু সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী এবং তিনি বাড্ডা ও ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

বিজ্ঞাপন

নব্বইয়ের দশকে ঢাকার অপরাধ জগতে সুব্রত বাইন ছিল আলোচিত নাম। দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের অভিযোগে তাঁর বিরুদ্ধে অসংখ্য খুন ও সহিংসতার ঘটনা রয়েছে। তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, সুব্রত বাইনের হয়ে দীপু ছাড়াও ওয়াসির মাহমুদ সাঈদ ওরফে বড় সাঈদ, গোলাম মর্তুজা বাবু ওরফে মধু বাবু, সোহেল ওরফে কান্নি সোহেল সক্রিয়ভাবে কাজ করতেন। গত এক বছরে এই চক্রের বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগ রয়েছে।

গত বছরের ২০ মার্চ গুলশানের পুলিশ প্লাজার সামনে ইন্টারনেট ব্যবসায়ী সুমনকে গুলি করে হত্যার ঘটনায় এই চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ওই মামলায় ওয়াসির মাহমুদ সাঈদ গ্রেফতার হলেও পরে জামিনে মুক্ত হন।

পুলিশ আরও জানায়, মেহেদী হাসানের সঙ্গে বাড্ডা ৩৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম ও তাঁর ভাই আলমগীরের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল।

বিজ্ঞাপন

গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, ৫ আগস্টের পর সুব্রত বাইন প্রকাশ্যে এলাকায় সক্রিয় হন এবং প্রতিবেশী দেশ থেকে অস্ত্র সংগ্রহ করেন। মেরুল বাড্ডার একটি মাছের আড়ত থেকে প্রতিদিন বিপুল অঙ্কের চাঁদা তোলা হতো। সুব্রত বাইন গ্রেফতার হওয়ার পর সেই নিয়ন্ত্রণ চলে যায় মেহেদী হাসানের হাতে। পাশাপাশি গাড়ির শোরুম, তৈরি পোশাক কারখানা ও ঝুট ব্যবসায়ও তাঁর আধিপত্য ছিল।

ডিবির একটি সূত্র জানায়, দীপু ও তাঁর সহযোগীরা ভাড়াটে খুনি হিসেবেও কাজ করতেন এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর কাছে অস্ত্র ভাড়া দিতেন। সুব্রত বাইনের বেশিরভাগ অস্ত্র দীপু ও মধু বাবুর কাছে রয়েছে বলে দাবি করছে পুলিশ।

বিজ্ঞাপন

এদিকে, গত ১৯ এপ্রিল হাতিরঝিল এলাকার ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা আরিফ সিকদারকে গুলি করে হত্যার ঘটনায়ও সুব্রত বাইনের সহযোগীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে। ওই মামলায় সুব্রত বাইনের মেয়েকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতারের সময় দীপুর বাড়ি থেকে অস্ত্র ও গুলি ছাড়াও ৮টি পিস্তলের ম্যাগাজিন, ৩২টি কার্তুজ, একটি ২২ উজি মেশিনগান রাইফেল, উজি রাইফেলের দুটি ম্যাগাজিন, তিনটি চায়নিজ কুড়াল, একটি টাইগার হান্টিং কমান্ডো চাকু, দুটি ওয়াকিটকি, একটি ওয়াকিটকি ব্যাটারি, তিনটি পিস্তলের সাইড কভার এবং একটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে।

শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত অস্ত্র আইনের মামলায় মেহেদী হাসান দীপুর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। শুনানিতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তাঁর নেতৃত্বে অবৈধ অস্ত্র বেচাকেনা চলছিল এবং জিজ্ঞাসাবাদে তিনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন। মামলার মূল রহস্য উদঘাটন ও পলাতক সহযোগীদের শনাক্ত করতে রিমান্ড প্রয়োজন বলে আদালতকে জানানো হয়।

বিজ্ঞাপন

পুলিশের দাবি, দীপুকে জিজ্ঞাসাবাদে আরও গুরুত্বপূর্ণ তথ্য ও অস্ত্র উদ্ধারের সম্ভাবনা রয়েছে।

জেবি/এএস
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD