Logo

যে মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখালো ডিবি

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ এপ্রিল, ২০২৬, ১২:৪১
যে মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনকে গ্রেপ্তার দেখালো ডিবি
ছবি: সংগৃহীত

রাজধানীর লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একটি মামলায় সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেন ডিবির যুগ্ম কমিশনার মো. নাসির উদ্দিন।

তিনি জানান, শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ছয়টি মামলা রয়েছে। এর মধ্যে লালবাগ থানায় দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনের একটি মামলায় তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বিজ্ঞাপন

তাকে আদালতে কবে তোলা হবে—এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা বলেন, বিষয়টি নিয়ে প্রক্রিয়া চলমান রয়েছে এবং এ বিষয়ে কিছুটা সময় লাগতে পারে।

এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এন এম নাসির উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে রাজধানীর একটি আত্মীয়ের বাসা থেকে শিরীন শারমিন চৌধুরীকে আটক করা হয়। পরবর্তীতে তাকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর তৎকালীন সরকারের পতনের পর স্পিকারের পদ থেকে সরে দাঁড়ান শিরীন শারমিন চৌধুরী। তিনি ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং টানা দীর্ঘ সময় এ পদে দায়িত্ব পালন করেন।

এদিকে, জুলাইয়ের গণ–অভ্যুত্থান ঘিরে সহিংসতার ঘটনায় তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় ২০২৪ সালের ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরীসহ সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মোট ১৭ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD