আওয়ামী লীগ নেত্রী হাসিনার হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে আওয়ামী লীগ নেত্রী হাসিনা পারভীন মীনুর মরদেহ উদ্ধারের ঘটনায় রহস্য উদঘাটনের দাবি করেছে র্যাব-১১। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইম উল হক এ তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার (৩০ মার্চ) বিকেলে পৃথক অভিযান চালিয়ে ঢাকার ডেমরা এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে অভিযুক্তদের আটক করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কুমিল্লার চৌদ্দগ্রামের বাসিন্দা মো. জহিরুল ইসলাম খান (৫২) এবং সাতক্ষীরার শ্যামনগরের বাসিন্দা মো. আনিছুর রহমান (৪০)।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হাসিনা পারভীন মীনু নারায়ণগঞ্জের ফতুল্লার তুষারধারা আবাসিক এলাকায় ছোট ছেলেকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। গত ১৭ ফেব্রুয়ারি দুপুরে একটি ফোনকল পাওয়ার পর তিনি কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হন। এরপর আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন।
পরদিন ১৮ ফেব্রুয়ারি বিকেলে তার মেঝো ছেলে সামাজিক যোগাযোগমাধ্যম ও ফোনের মাধ্যমে জানতে পারেন, ফরিদপুরের ভাঙ্গা এলাকায় একটি অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে মরদেহটি শনাক্ত করেন, যা হাসিনা পারভীন মীনুর বলে নিশ্চিত হয়।
জানা যায়, ভাঙ্গা-ঢাকা মহাসড়কের ব্রাহ্মণপাড়া গ্রামের সার্ভিস লেনসংলগ্ন আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত শেষে প্রযুক্তির সহায়তায় পরিচয় নিশ্চিত করে। এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ভাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন।
বিজ্ঞাপন
র্যাব জানায়, ঘটনাটি আলোচিত হওয়ায় তারা তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। সোমবার বিকেল ৩টা ২০ মিনিটে ঢাকার ডেমরার মাহমুদনগর এলাকা থেকে প্রথমে জহিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী বিকেল ৪টা ১০ মিনিটে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে অপর অভিযুক্ত আনিছুর রহমানকে আটক করা হয়।
র্যাব-১১-এর কোম্পানি কমান্ডার জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফরিদপুরের ভাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি সকালে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পাশ থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত হলে জানা যায়, নিহত ব্যক্তি হাসিনা পারভীন মীনু, যিনি স্থানীয়ভাবে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন।








