পূবাইলে আলোচিত ইজিবাইক চালক হত্যা: প্রধান আসামি গ্রেফতার

গাজীপুরের পূবাইলে ইজিবাইক চালক শাহাবুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি মমতাজ আলী (৩৯) কে গ্রেফতার করেছে র্যাব।
বিজ্ঞাপন
যৌথ অভিযানে র্যাব-১ ও র্যাব-১৩ সদস্যরা তাকে লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার ভোটমারি এলাকা থেকে আটক করে।
রবিবার রাত ১০টার দিকে ভোটমারি ইউনিয়নের ভোটমারি বাজারে মেসার্স জনি ট্রেডার্সের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিজ্ঞাপন
সোমবার দুপুরে র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শাহ আলম জনবাণীকে জানান, গত ১১ মার্চ রাতে গাজীপুরের পূবাইল থানার মেঘডুবি এলাকায় শিরিষ চেয়ারম্যানের বাড়ির পাশে মেঘডুবি কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। এ সময় মমতাজ আলীসহ অজ্ঞাতনামা কয়েকজন আসামি ইজিবাইক চালক শাহাবুল ইসলাম (৪৭)-কে চেতনানাশক ওষুধ খাইয়ে অজ্ঞান করে তার ইজিবাইক ছিনতাই করে। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৭ মার্চ বিকেলে তার মৃত্যু হয়।
তিনি বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মাহাবুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।








