যেভাবে আলোচনায় আসার পর গ্রেপ্তার হলেন দিলীপ আগরওয়ালা

রাজধানীর বনানী থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গ্রেপ্তারের এক দিন আগে দুর্গাপূজার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে তাঁর দাঁড়িয়ে থাকার ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে তাঁকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়।
বিজ্ঞাপন
সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করা হয়। ডিবি জানিয়েছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) দায়ের করা একটি মামলার সূত্রে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন আড়ালে থাকার পর দুর্গাপূজার একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে দিলীপ আগরওয়ালাকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই ছবি ফেসবুকে প্রকাশ করে তাঁর রাজনৈতিক পরিচয় ও অনুষ্ঠানে উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাবেক নেতা তানজীব সারোয়ার।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তাঁর ফেসবুক পোস্টটি চুয়াডাঙ্গা ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ার পর দিলীপ আগরওয়ালাকে নিয়ে আলোচনা শুরু হয়। পোস্টে তানজীব সারোয়ার উল্লেখ করেন, দিলীপ আগরওয়ালা চুয়াডাঙ্গা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন এবং বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন। তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হিসেবেও পরিচিত ছিলেন।
পোস্টে তানজীব সারোয়ার প্রশ্ন তোলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর পেছনে দাঁড়িয়ে দিলীপ আগরওয়ালার ছবি তোলার বিষয়টি কীভাবে সম্ভব এবং এতে তৃণমূলের কাছে কী বার্তা যাচ্ছে। পোস্টটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর উপস্থিতি নিয়ে নানা আলোচনা হয়।
বিজ্ঞাপন
তবে দুর্গাপূজার অনুষ্ঠানে দিলীপ আগরওয়ালার উপস্থিতির ছবি ভাইরাল হওয়া এবং পরদিন তাঁর গ্রেপ্তারের মধ্যে সরাসরি কোনো যোগসূত্র রয়েছে—এমন তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়নি।
ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সিআইডির দায়ের করা মামলার সূত্রে বনানী থেকে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করা হয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
উল্লেখ্য, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দিলীপ আগরওয়ালাকে গ্রেপ্তার করেছিল র্যাব। পরে তিনি সংশ্লিষ্ট সব মামলায় জামিনে মুক্তি পান। সর্বশেষ সিআইডির একটি মামলার সূত্রে তাঁকে আবার গ্রেপ্তার করা হলো।
১৯৬৮ সালে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকার একটি ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন দিলীপ কুমার আগরওয়ালা। তাঁর বাবা অমিয় কুমার আগরওয়ালাও ছিলেন পরিচিত ব্যবসায়ী। দিলীপ আগরওয়ালার পরিবারের সঙ্গে চুয়াডাঙ্গার রুপচ্ছায়া সিনেমা হলের সম্পর্ক রয়েছে। তাঁর দাদার প্রতিষ্ঠিত হলটি বর্তমানে পান্না সিনেমা হল নামে পরিচিত। ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত তিনি ওই এলাকার সিনেমা হলপাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন।








