মোহাম্মদপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে মোহাম্মদপুর থানার ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারসংলগ্ন একটি ভবনের পঞ্চম তলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞাপন
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহাম্মেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই তিনজনকে গ্রেপ্তার করে।
বিজ্ঞাপন
জুয়েল রানা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার তিনজনই আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তারা দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় অবস্থান করছিলেন। দলীয় কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনা করতে ওই ফ্ল্যাটে একত্রিত হয়েছিলেন বলেও প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।
পুলিশের এই কর্মকর্তা জানান, বর্তমানে সংশ্লিষ্ট এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।








