Logo

চালু না করলেও ফোন থেকে তথ্য চুরি করে যে দুই অ্যাপ

profile picture
জনবাণী ডেস্ক
১১ জুলাই, ২০২৩, ০৫:১৪
চালু না করলেও ফোন থেকে তথ্য চুরি করে যে দুই অ্যাপ
ছবি: সংগৃহীত

অ্যাপ দুটি ইনস্টল করার পর চালু না করলেও নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে

বিজ্ঞাপন

অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে বিভিন্ন সময় অজান্তেই তথ্য চুরি হয়ে যায়। সম্প্রতি এমনই  দুটি অ্যাপের সন্ধান পেয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘প্রাডিও’। 

প্রাডিও বলছে, “অ্যাপ দুটি ইনস্টল করার পর চালু না করলেও নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে এবং সংগ্রহ করা তথ্য চীনে থাকা সার্ভারে পাঠিয়ে দেয়। গুগলের নিরাপত্তাব্যবস্থা এড়িয়ে প্লে স্টোরে স্থান করে নেওয়ায় এরই মধ্যে প্রায় ১৫ লাখবার ডাউনলোড করা হয়েছে অ্যাপ দুটি।”

বিজ্ঞাপন

ওই সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান এক বার্তা জানায়, “গোপনে তথ্য সংগ্রহ করতে সক্ষম অ্যাপ দুটি হলো ‘ফাইল রিকভারি অ্যান্ড ডেটা রিকভারি’ এবং ‘ফাইল ম্যানেজার’। ফাইল ব্যবস্থাপনা এবং মুছে ফেলা তথ্য উদ্ধারের জন্য ব্যবহৃত অ্যাপ দুটির কোড পর্যালোচনা করে দেখা গেছে, ইনস্টল করলেই ব্যবহারকারীদের অজান্তে যেকোনো সময় চালু হতে পারে অ্যাপগুলো। চালু হওয়ার পর মোবাইলের  নম্বর, ছবি, অডিও বা ভিডিও, ফোনের মডেল, নেটওয়ার্ক অপারেটরের আইপি ঠিকানাসহ বিভিন্ন ডাটা চুরি করে নির্দিষ্ট সার্ভারে নিয়মিত পাঠিয়ে দেয়। ফলে দূর থেকেই ডাটাগুলো দেখতে পারে সাইবার অপরাধীরা। আর তাই পৃথিবী জুড়ে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা নিরাপত্তাহীনতায় রয়েছেন।”

বিজ্ঞাপন

গুগলকে জানানোর পরও এখনো ক্ষতিকর অ্যাপ দুটি গুগলের প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। আর তাই  প্লে স্টোর থেকে অ্যাপগুলো ডাউনলোড না করার পাশাপাশি ফোন থেকে দ্রুত মুছে ফেলার পরামর্শ দিয়েছেন প্রাডিওর নিরাপত্তা বিশেষজ্ঞরা। ক্ষতিকর অ্যাপ থেকে রক্ষা পেতে অ্যাপ নামানোর আগে কোন কোন যন্ত্রাংশ ব্যবহারের অনুমতি চাচ্ছে, তা পর্যালোচনার পাশাপাশি নির্মাতাদের বিষয়ে অনলাইনে খোঁজখবর নিতে পরামর্শ দিয়েছেন তারা। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিজ্ঞাপন

জেবি/এসবি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD