এত শান্তিপূর্ণ ভোট জীবনে দেখিনি বললেন প্রিসাইডিং কর্মকর্তারা

ঢাকা-১৭ আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। গুলশান, বনানী, ক্যান্টনমেন্ট ও ভাষানটেক নিয়ে গঠিত এই আসনটি অভিজাত ভোটারদের কেন্দ্র হিসেবে পরিচিত। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াতের ডা. এস এম খালিদুজ্জামানসহ মোট ১২ জন প্রার্থী। আসনটিতে ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন।
বিজ্ঞাপন
গুলশানের কালাচাঁদপুর স্কুলে সাতটি কেন্দ্র রয়েছে। এর মধ্যে পাঁচটি কেন্দ্র ঘুরে বিকেল ৩টা পর্যন্ত সর্বোচ্চ ৫৫ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা।
৪৩ নম্বর কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৩৭০ জন। বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ১০টি। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা আরিফুল ইসলাম ভুইয়া জানান, দুপুরের পর আরও ভোট বাড়বে বলে আশা করছেন।
বিজ্ঞাপন
৪১ নম্বর কেন্দ্রে দুপুর আড়াইটা পর্যন্ত ৪৪ শতাংশ ভোট পড়েছে। মোট ভোটার ১ হাজার ৭৬৪ জনের মধ্যে ৭৭৮ জন ভোট দিয়েছেন বলে জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ মো. নাঈম।
৩৭ নম্বর কেন্দ্রে ভোট পড়েছে প্রায় ৪০ শতাংশ। এখানে মোট ভোটার ২ হাজার ৮৫৮ জন। কেন্দ্রটির প্রিসাইডিং কর্মকর্তা মো. ফারুকুল ইসলাম বলেন, তিনি বহু নির্বাচন পরিচালনার দায়িত্ব পালন করেছেন, তবে এবারের মতো শান্ত পরিবেশ আগে দেখেননি। কোনো ধরনের পেশিশক্তির চাপ বা অভিযোগ নেই বলেও জানান তিনি।
৩৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ১০৮ জন ভোটারের মধ্যে বিকেল ৩টা পর্যন্ত ভোট পড়েছে ১ হাজার ২০০টি। প্রিসাইডিং কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন এবং ৬০ শতাংশের বেশি ভোট পড়ার আশা করছেন।
বিজ্ঞাপন
৪২ নম্বর কেন্দ্রে মোট ভোটার ১ হাজার ৮৩৭ জন। সোয়া ৩টা পর্যন্ত ৭৬৮টি ভোট পড়েছে, যা প্রায় ৪২ শতাংশ। প্রিসাইডিং কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দিন জানান, কেন্দ্রের পরিবেশ শান্ত এবং সবাই স্বস্তিতে দায়িত্ব পালন করছেন।
কেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি সিসিটিভির মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া যায়নি।








