ঢাকা-১৫ : ৩ কেন্দ্রের ফলাফলে এগিয়ে জামায়াত আমির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা-১৫ আসনে (মিরপুর-কাফরুল) প্রাথমিক ফলাফলে এগিয়ে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এখন পর্যন্ত ঘোষিত তিনটি ভোটকেন্দ্রের ফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন মোট ২ হাজার ৬৪৭ ভোট।
বিজ্ঞাপন
প্রাপ্ত ফলাফলে দেখা যায়, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান অর্জন করেছেন ২ হাজার ১০০ ভোট। ফলে তিন কেন্দ্রের হিসাবে ডা. শফিকুর রহমান এই মুহূর্তে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচন সংশ্লিষ্ট সূত্র থেকে এই প্রাথমিক ফলাফলের তথ্য জানা যায়। এর আগে একই দিন সকাল সাড়ে ৭টা থেকে সারাদেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
বিজ্ঞাপন
ঢাকা-১৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন, নারী ভোটার ১ লাখ ৭২ হাজার ৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। এই আসনে মোট ১২৭টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দিনের শুরুতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন এবং আগামীর বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২০০৮ সালে রাজনৈতিক দল নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই সবচেয়ে বেশি দল জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি রাজনৈতিক দল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। সারাদেশে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। এবারের নির্বাচনে মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
এদিকে নির্বাচন চলাকালীন দুপুর ২টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল জানায়, দেশের বিভিন্ন স্থানে মোট ৪৮৬টি ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। পাশাপাশি ৫৯টি কেন্দ্রে জাল ভোট দেওয়ার অভিযোগ এবং তিনটি স্থানে ব্যালট বাক্স ছিনতাইয়ের তথ্য পাওয়া গেছে।
ঢাকা-১৫ আসনের বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে ভোটের প্রকৃত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।








