রাজবাড়ীতে গড়ে ভোট পড়েছে ৬৩ শতাংশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট রাজবাড়ীতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। জেলার দুটি আসনে ভোটগ্রহণে কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। প্রাথমিক তথ্য অনুযায়ী, মোট ভোট পড়েছে ৬৩ শতাংশ।
বিজ্ঞাপন
ভোটগ্রহণ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয়ে বিকাল সাড়ে চারটা পর্যন্ত চলে। জেলার ৩৫৪টি কেন্দ্রে ভোটাররা অংশ নেন। ভোটাররা প্রার্থী নির্বাচনের পাশাপাশি সংবিধানের কয়েকটি প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ‘হ্যাঁ-না’ ভোট দিয়েছেন। প্রতিটি কেন্দ্রেই পুরুষ ও নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।
জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ী-১ আসনে ভোট কাস্ট হয়েছে ৬১.৪৫ শতাংশ এবং রাজবাড়ী-২ আসনে ৬৪.৬৭ শতাংশ। দুই আসনের গড়ে ভোট হার দাঁড়িয়েছে ৬৩.০৬ শতাংশ।
বিজ্ঞাপন
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সুলতানা আক্তার জানিয়েছেন, ভোট গ্রহণের সময় কেন্দ্রগুলো পর্যবেক্ষণ করা হয়েছে এবং সহকারী রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সারাক্ষণ যোগাযোগ বজায় রাখা হয়েছে। তিনি বলেন, “রাজবাড়ীর সব কেন্দ্রে অত্যন্ত সুষ্ঠু ও অংশগ্রহণমূলক ভোট অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তা ও আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি পর্যায়ে দায়িত্ব পালন করেছে।”
জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, দুই আসনে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৮৯ হাজার ৯০৮ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ভোটার ৪ লাখ ৩০ হাজার ২১৫ জন এবং রাজবাড়ী-২ আসনে ৫ লাখ ৫৯ হাজার ৬৯৩ জন।








