ভূমিধস বিজয়ের পথে ধানের শীষ : প্রত্যাশা বিএনপির

উৎসবমুখর পরিবেশে সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়। কোনো বিরতি ছাড়াই বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট শেষ হওয়ার পরপরই শুরু হয় ব্যালট গণনার কার্যক্রম।
বিজ্ঞাপন
সন্ধ্যার পর থেকে বিভিন্ন আসনের কেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফল আসতে থাকে। প্রাপ্ত ফল অনুযায়ী, কোথাও বিএনপি নেতৃত্বাধীন জোট, আবার কিছু কেন্দ্রে জামায়াত নেতৃত্বাধীন জোট এগিয়ে রয়েছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন: নিরঙ্কুশ বিজয়ের পথে সালাহউদ্দিন আহমেদ
এরই মধ্যে নির্বাচনে বড় ধরনের জয় পেতে যাচ্ছে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছে বিএনপি। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার পর দলটির মিডিয়া সেলের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, ফল প্রকাশ শুরু হয়েছে এবং ধানের শীষ প্রতীক বিপুল ব্যবধানে বিজয়ের পথে রয়েছে।
বিজ্ঞাপন
এর আগে বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মাহদী আমিন বলেন, বিএনপির জয় এখন সময়ের ব্যাপার মাত্র।
তিনি দাবি করেন, জনগণের রায় ধানের শীষের পক্ষেই গেছে এবং এই বিজয় কোনোভাবেই প্রতিহত করা সম্ভব নয়।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ভোটারদের ব্যাপক অংশগ্রহণ ও কেন্দ্রগুলো থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বিএনপি নিশ্চিত যে, এবারের নির্বাচনে দলটি একটি বড় ধরনের বিজয়ের দিকে এগোচ্ছে।
নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশের পর পুরো চিত্র স্পষ্ট হবে বলে জানিয়েছে নির্বাচন সংশ্লিষ্টরা।









